ব্যুরো নিউজ, ২৪ জুলাই ২০২৬ : বিধানসভায় শুক্রবার এক ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী থাকল রাজ্য। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলের সঙ্গে আলোচনায় বসলেন ময়নাগুড়ির বিজেপি বিধায়ক ডালিমচন্দ্র রায়। ঘটনাচক্রে, কৃষিমন্ত্রী নিজের বেঞ্চেই বসেছিলেন যখন ডালিমবাবু কৃষকদের থেকে সারের বেশি দাম নেওয়া নিয়ে অভিযোগ তুলছিলেন এবং কৃষিমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়ার কথা বলছিলেন। অভিযোগ, প্যাকেটে লেখা দামের চেয়ে বেশি দামে সার বিক্রি হচ্ছে এবং কৃষিমন্ত্রী এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন না। এই অভিযোগ ওঠার পরেই পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন।
তিনি কৃষিমন্ত্রীর সঙ্গে কথা বলে ডালিমবাবুকে ডেকে নিয়ে যান এবং কৃষিমন্ত্রীর পাশে বসিয়ে দেন। এরপর বিধায়ক মন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং মন্ত্রীও মন দিয়ে তাঁর অভিযোগ শোনেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘উন্নত বাংলা গড়তে শাসক-বিরোধী উভয়পক্ষের আলোচনা’ এই বার্তা বিধানসভায় যেন প্রতিফলিত হল। বিরোধী দল হলেও শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার এই মানসিকতা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। এই ঘটনা প্রমাণ করে যে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও রাজ্যের উন্নয়নের স্বার্থে এক মঞ্চে আসা সম্ভব।








