ব্যুরো নিউজ, ২৪ জুলাই ২০২৬: দেশজুড়ে চলা নিট-ইউজি (NEET-UG) আন্দোলন নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন অভিনেতা-সাংসদ দেব। টলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা জিতের পর দেবও কেন্দ্র সরকারকে আন্দোলনকারী পড়ুয়াদের দাবি গুরুত্ব দিয়ে শোনার আবেদন জানিয়েছেন। গত কয়েকদিন ধরে এই ছাত্র আন্দোলন দেশের শিক্ষা মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
দেব তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, তিনি দেশের বিভিন্ন প্রান্তের অসংখ্য ছাত্রছাত্রীর কণ্ঠস্বর গভীরভাবে অনুসরণ করছেন। তাঁর কথায়, “পড়ুয়ারাই দেশের ভবিষ্যৎ। যখন দেশের তরুণ প্রজন্ম একসঙ্গে নিজেদের উদ্বেগ এবং দাবি তুলে ধরতে রাস্তায় নামে, তখন তাদের কণ্ঠস্বর আন্তরিকতা, সহমর্মিতা এবং মর্যাদার সঙ্গে শোনা উচিত।” দেব ভারত সরকারের মাননীয় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন জানিয়েছেন, ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় বসে তাঁদের অভিযোগ শুনে দ্রুত গঠনমূলক সমাধানের পথে এগিয়ে আসা হোক। পাশাপাশি তিনি সকলের কাছে শান্তি, সংযম এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার অনুরোধও করেছেন। এর আগে অভিনেতা জিৎ-ও একই ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, দেশের ছাত্রছাত্রীরা যখন নিজেদের ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে থাকা শিক্ষাব্যবস্থাকেই প্রশ্ন করছে, তখন সেই উদ্বেগকে গুরুত্ব দেওয়া জরুরি।
তাঁর বক্তব্য ছিল, শিক্ষা শুধু পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ন্যায়, বিশ্বাস ও আশার প্রতীক। প্রত্যেক পড়ুয়ার এমন একটি ব্যবস্থার অধিকার রয়েছে, যার উপর তারা আস্থা রাখতে পারে। তিনি কর্তৃপক্ষের কাছে সহমর্মিতার সঙ্গে ছাত্রদের কথা শোনা, স্বচ্ছতার সঙ্গে পদক্ষেপ করা এবং ন্যায়বিচার নিশ্চিত করার আবেদন জানান। দুই তারকার এই বার্তা নিট আন্দোলনকে নতুন মাত্রা দিয়েছে এবং পড়ুয়াদের পাশে সমাজের বিশিষ্টজনদের দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেছে।








