ব্যুরো নিউজ, ২৫ জুলাই ২০২৬ : পশ্চিমবঙ্গে আবহাওয়ার খামখেয়ালিপনা অব্যাহত। শনিবার সকাল থেকে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রোদ-বৃষ্টির লুকোচুরি খেলা চলছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, টানা ভারী বর্ষণ থেকে সপ্তাহান্তে কিছুটা স্বস্তি মিলতে পারে। যদিও বৃষ্টির কারণে কলকাতার তাপমাত্রা কিছুটা নিম্নমুখী, তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি কম। মৌসুমি অক্ষরেখা বর্তমানে রাজস্থানের বিকানের থেকে মেদিনীপুরের কাঁথির উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
উপকূলবর্তী জেলাগুলিতে হাওয়ার দাপট আরও কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা। তবে, আগামী বুধবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু অংশে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও আপাতত ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।








