হুগলিতে তৃণমূল নেতা খুন: ৭ দোষী সাব্যস্ত, মূল অভিযুক্ত পলাতক

হুগলিতে তৃণমূল নেতা দিলীপ রাম খুনে ৭ জনকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়া আদালত। তিন লাখের সুপারি দিয়ে খুন, মূল অভিযুক্ত মাদক কারবারি শকুন্তলা যাদব পলাতক।

Share:

ব্যুরো নিউজ, ২৮ জুলাই ২০২৬ : হুগলির চুঁচুড়া আদালত তৃণমূল নেতা দিলীপ রাম খুনের ঘটনায় সাতজনকে দোষী সাব্যস্ত করেছে। ২০১৯ সালের ২৯ জুন ব্যান্ডেল স্টেশনে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছিল দিলীপ রামকে। জমি বিবাদের জেরে তিন লাখ টাকার সুপারি দিয়ে এই খুন করানো হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। এই মামলায় মূল অভিযুক্ত মাদক কারবারি শকুন্তলা যাদব ওরফে সমুন্দ্রী এবং তার এক ছেলে এখনও পলাতক।

পুলিশ সূত্রে খবর, ২০১৯ সালের ২৯ জুন সকালে নৈহাটির পিডব্লিউআই অফিসে যাওয়ার জন্য ব্যান্ডেল স্টেশনে এসেছিলেন দিলীপ রাম। ৫ নম্বর প্ল্যাটফর্মে ওঠার সময় দুষ্কৃতীরা তাকে গুলি করে খুন করে। নিহতের স্ত্রী ঋতু সিংয়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। প্রথমে ব্যান্ডেল জিআরপি, পরে চুঁচুড়া থানার হাতে তদন্তভার যায়। তদন্তে উঠে আসে, তিন লাখ টাকার বিনিময়ে শকুন্তলা যাদব সুপারি কিলার ভাড়া করেছিল। এরপর শকুন্তলার ছেলে মঙ্গল যাদব সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তাদের জেরা করে আকবর নামে আরও এক অভিযুক্তকে নাগপুর থেকে ধরা হয়।

আদালত মহম্মদ নাসিম ওরফে গুড্ডু (যে গুলি চালিয়েছিল), মঙ্গল যাদব, মহম্মদ আকবর সহ মোট সাতজনকে দোষী সাব্যস্ত করেছে। সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় জানান, গুড্ডুর কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র থেকেই গুলি ছোড়া হয়েছিল, তা প্রমাণিত। শকুন্তলা ও তার আরেক ছেলে আজাদ এখনও অধরা।