ব্যুরো নিউজ, ২৮ জুলাই ২০২৬ : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার যে কার্যালয়টি সম্প্রতি ভেঙে দেওয়া হয়েছিল, সেটি লিপ্স অ্যান্ড বাউন্সের সম্পত্তি নয় বলে কলকাতা হাইকোর্টে জানাল রাজ্য সরকার। মঙ্গলবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী স্পষ্ট জানান যে, যে অংশটি ভাঙা হয়েছে, সেটি লিপ্স অ্যান্ড বাউন্স সংস্থার অংশ নয়। সংস্থাটির দাবি, তাদের সম্পত্তি ৫0৯ ও ৫১২ দাগে অবস্থিত।
প্রশাসন সূত্রে খবর, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার এই কার্যালয়টি আইন ও নথি ছাড়াই তৈরি করা হয়েছিল। এই বিষয়ে দুবার নোটিস দেওয়া হলেও কোনো উত্তর না মেলায় শেষ পর্যন্ত বুলডোজার দিয়ে কার্যালয়ের একাংশ ভেঙে দেওয়া হয়। এরপরই লিপ্স অ্যান্ড বাউন্স এই পদক্ষেপের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। সংস্থাটির আইনজীবী কিশোর দত্ত অভিযোগ করেন, কার্যালয়ের কোন অংশ ভাঙা হবে বা কোন নথির ভিত্তিতে এই কাজ করা হবে, সে বিষয়ে আগে থেকে কোনো তথ্য জানানো হয়নি।
উভয় পক্ষের সওয়াল-জবাব শুনে বিচারপতি শুভ্রা ঘোষ আগামী ৬ আগস্ট পর্যন্ত কার্যালয় ভাঙার উপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। ওই দিনই এই মামলার পূর্ণাঙ্গ শুনানি হবে বলে জানা গেছে। ফলে ততদিন পর্যন্ত প্রশাসন ওই অফিস ভাঙতে পারবে না। এই রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় সংক্রান্ত বিতর্কে নতুন মাত্রা যোগ করল।








