প্রশ্নফাঁস বিলকে সমর্থন, কিন্তু সরকারের রিপোর্ট কার্ডে ‘F’: লোকসভায় বিজেপিকে তীব্র তোপ অভিষেকের

প্রশ্নফাঁস বিল সমর্থন করেও কেন্দ্রের ব্যর্থতা তুলে ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভায় বিজেপি সরকারের রিপোর্ট কার্ডে 'F' গ্রেড দিলেন তৃণমূল সাংসদ।

Share:

ব্যুরো নিউজ, ২৮ জুলাই ২০২৬ : লোকসভায় পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬-কে সমর্থন জানালেও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিলটি নিয়ে আলোচনার সময় ডায়মন্ড হারবারের সাংসদ বিগত এক দশকে দেশের শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থায় ধারাবাহিক ব্যর্থতার অভিযোগ তুলে বিজেপি সরকারের রিপোর্ট কার্ডে ‘F’ গ্রেড বসিয়ে দেন।

অভিষেক বলেন, “সরকারই আগুন লাগিয়েছে। এখন এক বালতি জল নিয়ে আসার জন্য তাদের বাহবা দেব না।” তাঁর মতে, এই বিল আসলে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার স্বীকারোক্তি। ২০১৪ সাল থেকে নিট, ইউজিসি-নেট, এসএসসি-সহ একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষায় বারবার প্রশ্নফাঁসের ঘটনা ঘটলেও দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, “এই সরকার একটা শিল্পে পারদর্শী হয়ে উঠেছে — যখনই ব্যর্থ হয়, তখনই আইন বদলে দেয়।” শুধু আইন কঠোর করলেই সমস্যার সমাধান হবে না, বরং সরকারের সদিচ্ছা প্রয়োজন বলেও মন্তব্য করেন অভিষেক। তাঁর কটাক্ষ, শাস্তির মাত্রা বাড়ালেই গত ১২ বছরের ব্যর্থতা মুছে যাবে না। তৃণমূল সাংসদের সুরেই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব এবং কংগ্রেসের গৌরব গগৈ।

অখিলেশ ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের প্রসঙ্গ টেনে কটাক্ষ করে বলেন, “একজন প্রধানকে সরিয়ে প্রধানমন্ত্রীকে বাঁচানো হয়েছে।” অন্যদিকে, গৌরব গগৈ অভিযোগ করেন যে শিক্ষা ব্যবস্থার সংস্কারের বদলে সরকার প্রচারে বেশি গুরুত্ব দিয়েছে এবং প্রধানমন্ত্রী ‘ইনস্টাগ্রাম রিলস’ নিয়ে বেশি ব্যস্ত। বিরোধীরা একবাক্যে বিলকে সমর্থন করলেও, প্রশ্নফাঁস ও জালিয়াতি রুখতে কেন্দ্রের অতীতের ভূমিকাকে তীব্র ভাষায় আক্রমণ করেন, যা সংসদে উত্তপ্ত বিতর্কের জন্ম দেয়।