ব্যুরো নিউজ, ২৮ জুলাই ২০২৬: ফের শিরোনামে তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে ওঠা অপকর্মের অভিযোগ। এবার দুর্গাপুরের অমরাবতী শিব-শক্তির মন্দিরে ঢুকে শ্বেত পাথরের সিংহাসন ভাঙচুরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতা বিশ্বজিৎ বিশ্বাসের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, নিউ টাউনশিপ থানার অমরাবতী এলাকায় অবস্থিত এই মন্দিরের সঙ্গে দীর্ঘদিন ধরেই অভিযুক্ত তৃণমূল নেতার বিবাদ চলছিল। অভিযোগ, গত রাতে বিশ্বজিৎ বিশ্বাস জোরপূর্বক মন্দিরের সেবাইতের কাছ থেকে চাবি নিয়ে ভেতরে প্রবেশ করেন এবং শিব-পার্বতীর সিংহাসনটি ভাঙচুর করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও ততক্ষণে অভিযুক্ত নেতা এলাকা ছেড়ে পালিয়ে যান। এই ঘটনার খবর পেয়ে দ্রুত মন্দিরে পৌঁছন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটাই তৃণমূলের সংস্কৃতি। মানুষের ভাবাবেগে আঘাত করা হয়েছে। অভিযুক্ত বিশ্বজিৎ বিশ্বাস পাতালেও লুকিয়ে থাকলে তাকে খুঁজে বের করে গ্রেফতার করা হবে।”
বিধায়ক জানান, ইতিমধ্যেই থানায় অভিযোগ জানানো হয়েছে এবং অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। মন্দির কমিটির চেয়ারম্যানও এই ঘটনার নিন্দা করে বলেন, “যে সিংহাসনটি ভাঙচুর করা হয়েছে, তা অত্যন্ত মূল্যবান। এই কাজ মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। আমরা দোষীর উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।” এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরের রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে।








