ব্যুরো নিউজ, ৩০ জুলাই ২০২৬ : এসএফআই নেত্রী ঐশী ঘোষের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করল দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট। ২০২১ সালে দিল্লির বঙ্গভবনের সামনে একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় জারি হওয়া পরোয়ানাকে কেন্দ্র করে গত মঙ্গলবার সিপিএমের সদর দপ্তর গোপালন ভবনে হানা দিয়েছিল দিল্লি পুলিশ। যদিও সিপিএমের শীর্ষ নেতৃত্বের আপত্তিতে সেদিন ঐশীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই ঘটনার পরেই আদালতের দ্বারস্থ হন ঐশী।
বুধবার পাটিয়ালা হাউস কোর্টের বিচারক বিজয়শ্রী রাঠোর ঐশীকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দেন এবং একইসঙ্গে গ্রেপ্তারি পরোয়ানাতেও সাময়িক স্থগিতাদেশ জারি করেন। বৃহস্পতিবার বিচারকের নির্দেশ মেনেই আদালতে হাজির হন এসএফআই নেত্রী। ঐশী আদালতে উপস্থিত হওয়ার পরই বিচারক তাঁর বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করার নির্দেশ দেন, তবে এর জন্য ১০০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি প্রশ্নফাঁস কেলেঙ্কারিতে শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র আন্দোলনেও যোগ দিয়েছিলেন ঐশী। গত শনিবার সেই আন্দোলন প্রত্যাহার হওয়ার পরেই মঙ্গলবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করতে গোপালন ভবনে পৌঁছে যায় দিল্লি পুলিশ। সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবী এবং রাজ্যসভা সাংসদ জন ব্রিটাস-সহ অন্যান্য নেতাদের প্রবল আপত্তিতে শেষ পর্যন্ত পুলিশকে খালি হাতেই ফিরতে হয়। এই ঘটনা রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল। আদালতের এই রায়ে ঐশী ঘোষ কিছুটা স্বস্তি পেলেন।








