স্কুলছুট রুখতে বড় পদক্ষেপ: PBSSM ও NIOS-এর চুক্তি, পড়ুয়ারা ফিরবে মূল স্রোতে

পশ্চিমবঙ্গে স্কুলছুট রুখতে PBSSM ও NIOS-এর ঐতিহাসিক চুক্তি। পরিযায়ী শ্রমিকদের সন্তান ও মাঝপথে পড়া ছাড়া শিক্ষার্থীরা এবার ফিরবে শিক্ষার মূল স্রোতে।

Share:

ব্যুরো নিউজ, ৩০ জুলাই ২০২৬ : রাজ্যে স্কুলছুটের হার কমাতে এবং প্রতিটি শিশুর শিক্ষার অধিকার সুনিশ্চিত করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষা দপ্তর। বৃহস্পতিবার বিকাশ ভবনে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন (PBSSM) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং (NIOS)-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষরিত হয়েছে।

এই উদ্যোগের ফলে পরিযায়ী শ্রমিকদের সন্তান, স্কুলছুট পড়ুয়া এবং বিভিন্ন কারণে পড়াশোনা মাঝপথে ছেড়ে দেওয়া শিক্ষার্থীরা নতুন করে শিক্ষার মূল স্রোতে ফিরতে পারবে। শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন, জাতীয় শিক্ষানীতি ও শিক্ষার অধিকার আইনের মূল লক্ষ্য হলো কোনো শিশু যেন স্কুলছুট না হয় এবং সকল শিশুরা পড়াশোনার মধ্যে থাকে। তিনি জোর দিয়ে বলেন, কেউ যেন শিক্ষার বাইরে না থাকে, এটাই মূল লক্ষ্য। মন্ত্রী আরও জানান, NIOS-এর এই ব্যবস্থার ফলে একজন শিক্ষার্থী এক রাজ্যে ভর্তি হয়ে অন্য রাজ্যে চলে গেলেও তার পড়াশোনা বন্ধ হবে না। উদাহরণস্বরূপ, কেরালায় নথিভুক্ত হওয়ার পর কোনো শিক্ষার্থী ওড়িশায় গেলে, ওড়িশার নির্দিষ্ট কেন্দ্রে বসেই নিজের ভাষায় পড়াশোনা ও পরীক্ষা দিতে পারবে। এই পরিষেবা যাতে গ্রামের শেষ প্রান্তের মানুষও পান, তার জন্য NIOS-এর স্টাডি সেন্টার ধাপে ধাপে প্রতিটি গ্রাম পঞ্চায়েত স্তর পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

চুক্তিতে NIOS-এর পক্ষে শাকিল আহমেদ এবং পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের পক্ষে বিভু গোয়েল স্বাক্ষর করেন। এই ব্যবস্থার আওতায় প্রথম থেকে অষ্টম শ্রেণি, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনার সুযোগ থাকছে। প্রচলিত বিদ্যালয়ের মতো নির্দিষ্ট এক বছরের মধ্যে কোর্স শেষ করার বাধ্যবাধকতা থাকছে না, শিক্ষার্থীরা নিজেদের সুবিধামতো সময়ে পড়াশোনা ও পরীক্ষা সম্পন্ন করতে পারবে। এই চুক্তি রাজ্যের শিক্ষাব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।