ব্যুরো নিউজ, ৩০ জুলাই ২০২৬ : পশ্চিমবঙ্গে ‘মাদকমুক্ত যুব, উন্নত ভারত সংকল্প অভিযান’ সফল করতে তৎপর রাজ্য প্রশাসন। এই উদ্যোগের প্রস্তুতি ও বাস্তবায়নের রূপরেখা নিয়ে সম্প্রতি রাজ্যের ৪৭টি বেসরকারি, ডিমড ও রাজ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন রাজ্যপাল আর. এন. রবি। লোকভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা যুক্ত হন।
আগামী ২ আগস্ট দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে ‘মাদকমুক্ত যুব, উন্নত ভারত সংকল্প অভিযান’-এর আনুষ্ঠানিক সূচনা হবে। তার পূর্বেই রাজ্যপাল উপাচার্যদের প্রতি কড়া বার্তা দেন। তিনি প্রতিটি বিশ্ববিদ্যালয়কে মাদক ও নেশাজাতীয় দ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে এই জাতীয় অভিযানে অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান জানান। রাজ্যপাল স্পষ্ট নির্দেশ দেন যে, প্রতিটি বিশ্ববিদ্যালয়কে নিজস্ব কর্মপরিকল্পনা তৈরি করতে হবে এবং ছাত্রছাত্রী, অভিভাবক ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। রাজ্যপাল আর. এন. রবি তাঁর বক্তব্যে আরও বলেন, এই উদ্যোগকে নিছক একটি সরকারি কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং এটিকে একটি বৃহত্তর জনআন্দোলনে পরিণত করতে হবে। ‘মাদকমুক্ত যুব, উন্নত ভারত’ গড়ার জাতীয় সংকল্পকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ধারাবাহিক ও উদ্ভাবনী কর্মসূচি গ্রহণের উপর তিনি বিশেষ জোর দেন।
এই অভিযানের মাধ্যমে রাজ্যের যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করে এক সুস্থ ও উন্নত ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছেন রাজ্যপাল। তিনি মনে করেন, সমাজের ভিত্তি মজবুত করতে এবং আগামী প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্দেশিকা পালনে ব্যর্থ হলে কড়া পদক্ষেপের ইঙ্গিতও দেন তিনি।








