ব্যুরো নিউজ, ৩১ জুলাই ২০২৬ : অনলাইন ডেলিভারি পরিষেবার নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলল এক চাঞ্চল্যকর ঘটনা। এক তরুণী অভিযোগ করেছেন, জেপ্টোর এক ডেলিভারি পার্টনার তাঁর বাড়িতে ঢুকে হেনস্থা করার চেষ্টা করেছেন। ঘটনাটি ঘটেছে এক গ্রাহকের বাড়িতে, যেখানে অর্ডারের জিনিস ডেলিভারি দেওয়ার পর ওই ব্যক্তি জল চান। তরুণী বোতলে জল দিলে তিনি বোতলটি নিয়ে যেতে বলেন। কিন্তু অভিযোগ, বোতলের জল শেষ করে ওই ডেলিভারি বয় আবারও জল চান এবং তরুণীর ঘরের ভেতরে ঢুকে পাঁচ মিনিট বসার জন্য বারবার অনুরোধ করতে থাকেন।
তরুণী স্পষ্ট জানিয়ে দেন যে ঘরের ভেতর নয়, চাইলে তিনি বাইরে বসতে পারেন। কিন্তু বারবার না করা সত্ত্বেও ওই ব্যক্তি নিজের জিদ বজায় রাখেন। তরুণী ভয় পেয়ে গেট বন্ধ করার চেষ্টা করলে তিনি নাকি বেশ কয়েকবার কলিং বেল বাজান এবং আবারও ভেতরে ঢোকার অনুমতি চান। শেষমেশ তরুণী ঘরের মূল দরজা বন্ধ করে দিলে ওই ডেলিভারি পার্টনার বাইরে থেকে দরজায় সজোরে ধাক্কা দিতে শুরু করেন বলে অভিযোগ।
পুরো ঘটনাটি তরুণী ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে তিনি জেপ্টো কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, অ্যাপের মাধ্যমে অভিযোগ জানানোর চেষ্টা করলে কেবল স্বয়ংক্রিয় বার্তা আসে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা ছড়িয়ে পড়তেই গ্রাহকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বহু নেটিজেন। অনেকেই ডেলিভারি সংস্থাগুলিকে কর্মীদের সঠিক ব্যাকগ্রাউন্ড চেক করার এবং গ্রাহকদের সুরক্ষার জন্য কড়া পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিতর্ক বাড়তেই জেপ্টোর পক্ষ থেকে ওই ভিডিওর মন্তব্যে দুঃখপ্রকাশ করা হয়েছে এবং তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।








