ব্যুরো নিউজ, ১ আগস্ট ২০২৬ঃ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের অ্যাকাউন্টে নতুন করে আরও ৪২.৫ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। এর ফলে এখনও পর্যন্ত তাঁর মোট ১৩৫.৫ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের ঘটনায় রাজ্য জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। টুলুর তুতো ভগ্নিপতি মিনার মণ্ডলের বাড়ি থেকে এর আগে ২৮.৫ কোটি টাকা নগদ এবং প্রায় ১৫ কেজি সোনা উদ্ধার হয়েছিল। সেই সূত্র ধরেই পুলিশ টুলুর অন্যান্য সম্পত্তির হদিশ পায়।
পুলিশ সূত্রে খবর, টুলু মণ্ডলের ২৪২টি গাড়ি, দু’টি পেট্রল পাম্প এবং ২১টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। বীরভূমের মহম্মদবাজার থানার পুলিশ প্রথম মিনারের বাড়িতে হানা দেয় এবং প্রায় দু’দিনের অভিযানে বিপুল নগদ ও সোনার বার উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, এই সমস্ত সম্পত্তি টুলু মণ্ডলের, যিনি তৃণমূল জমানায় কেষ্ট-ভূমে বহু দূর পর্যন্ত শিকড় মেলেছিলেন। ঘটনার পর থেকেই জেলা জুড়ে টুলু মণ্ডল ও তাঁর ঘনিষ্ঠদের ডেরায় তল্লাশি চলছে। শনিবারও মিনারের বাড়িতে তল্লাশি অব্যাহত ছিল।
টুলুর দাদা মসির মণ্ডল, পেট্রল পাম্পের ম্যানেজার খোদাবক্স, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভানেত্রী শম্পা মাহারা এবং ঘনিষ্ঠ ব্যবসায়ী সারতাজ মোল্লা ও আপেল মর্তুজার বাড়িতেও হানা দিয়েছে পুলিশ। মিনার মণ্ডলকে আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং এখনও পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলেও চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি নেতা উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডল ও কাজল শেখের তত্ত্বাবধানে টুলুর ব্যবসার শ্রীবৃদ্ধির অভিযোগ তুলেছেন, যদিও অনুব্রত এই অভিযোগ অস্বীকার করেছেন।








