ব্যুরো নিউজ, ১ আগস্ট ২০২৬ঃ রাজ্যে শুরু হল ১৬তম জনগণনার কাজ। শনিবার সল্টলেকের সেচ দপ্তরের বাংলোয় বসে এই প্রক্রিয়ার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ বারে জনশুমারিতে সাধারণ মানুষ চাইলে নিজেদের তথ্য নিজেরাই নথিবদ্ধ করতে পারবেন, যা ‘সেল্ফ এনিউমারেশন’ বা ‘স্বগণনা’ নামে পরিচিত। মুখ্যমন্ত্রী নিজে এই প্রক্রিয়ায় অংশ নিয়ে সাধারণ মানুষকেও স্বগণনার সুবিধা নেওয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি আশ্বাস দেন, “কারও ব্যক্তিগত তথ্য চুরি হবে না।”
মুখ্যমন্ত্রী বলেন, “এ বার জনগণনায় দু’টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ডিজিটাল প্রক্রিয়ায় জনগণনা হবে এবং বাংলার মানুষ স্বগণনাও করতে পারবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমি নিজে সেটা করলাম।” তিনি জনগণনার কাজে যুক্ত থাকা কর্মীদের সহযোগিতা করার আবেদন জানান। সাধারণ মানুষের উদ্দেশে তাঁর আহ্বান, “আপনারা স্বগণনার সুবিধা নিন। আপনাদের তথ্য শুধুমাত্র সরকারি পরিকল্পনা এবং উন্নয়নের স্বার্থেই ব্যবহৃত হবে। অপব্যবহার করার সুযোগ নেই। আমাদের স্লোগান হলো, জনগণের জনকল্যাণ।”
স্বগণনার জন্য চালু হওয়া পোর্টালটি হলো https://se.census.gov.in। এই ওয়েবসাইটে লগ–ইন করে আগামী ১৫ অগস্ট পর্যন্ত স্বগণনায় অংশ নেওয়া যাবে। এর পরের দিন থেকেই দ্বিতীয় দফায় শুরু হবে ‘ফিল্ড এনিউমারেশন’, যা ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই প্রক্রিয়ায় বাড়িতে বসেই নাগরিকরা নিজেদের তথ্য, যেমন রাজ্যের বাসিন্দা, বাড়ির কর্তা বা কর্ত্রীর নাম, মোবাইল নম্বর এবং ই–মেল আইডি জমা দিতে পারবেন। পছন্দের ভাষা সিলেক্ট করার পর রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি যাবে। এরপর জেলা, পিন নম্বর, গ্রাম/শহর/এলাকার নাম দিয়ে বাড়ির অবস্থান মানচিত্রে দেখানো যাবে। হাউস লিস্টিংয়ের তথ্য দেওয়ার পর প্রিভিউ স্ক্রিনে সব তথ্য যাচাই করে ‘ফাইনাল সাবমিট’ করতে হবে। অনলাইনে ফর্ম ফিলআপের পর একটি নির্দিষ্ট আইডি আসবে, যা সংরক্ষণ করে রাখতে হবে।








