বরাহনগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা: স্কুটিতে ট্রাকের ধাক্কায় মৃত ২ স্কুলপড়ুয়া ভাই, আশঙ্কাজনক বাবা

বরাহনগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল দুই স্কুলপড়ুয়া ভাই। স্কুটিতে ট্রাকের ধাক্কায় গুরুতর জখম বাবা। রাস্তার স্টোনচিপসের কারণে দুর্ঘটনা, অভিযোগ স্থানীয়দের।

Share:

ব্যুরো নিউজ, ১ আগস্ট ২০২৬ঃ বরাহনগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল দুই স্কুলপড়ুয়া ভাই। শনিবার সকালে বরাহনগরের অনন্যা সিনেমা হল সংলগ্ন বিটি রোডে এই ঘটনাটি ঘটে। একটি স্কুটিতে দুই ছেলেকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন বাবা। সেই সময়েই একটি ট্রাকের সঙ্গে স্কুটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুই পড়ুয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর জখম অবস্থায় তাদের বাবা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই পড়ুয়ার নাম আরাধ্যা সাউ (৯) এবং আরভ সাউ (৬)। তারা দু’জনেই ডানলপের একটি বেসরকারি স্কুলের ছাত্র ছিল। তাদের বাবা অভিষেক সাউ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিটি রোডের ধারে পড়ে থাকা স্টোনচিপসের কারণে স্কুটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সেই সময়ে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে স্কুটির। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসেন এবং বরাহনগর থানায় খবর দেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশের দাবি, স্কুটির চালক বা দুই শিশুর কারও মাথাতেই হেলমেট ছিল না। স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশে থাকা গাছের জন্য সিগনাল দেখতে সমস্যা হয় এবং রাস্তার উপরে স্টোনচিপস পড়ে থাকার কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটে। পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ট্রাকটি আটক করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় সাময়িক যানজটের সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।