ব্যুরো নিউজ, ১ আগস্ট ২০২৬ঃ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের তিন মাস পূর্ণ না হতেই তোলাবাজি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর স্পষ্ট স্বীকারোক্তি, “তোলাবাজি সব জায়গায় বন্ধ করতে পারিনি।” এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করলেও এবং সম্প্রতি নবান্নের তরফে হেল্পলাইন চালু করা হলেও, শমীকের এই মন্তব্য বর্তমান পরিস্থিতিকে অন্য মাত্রা দিল।
শমীক ভট্টাচার্য এদিন জানান, “বাংলায় প্রথমবার বিজেপি সরকার গঠন করেছে। সরকারের এখনও তিন মাসও বয়স হয়নি। তবে সমস্ত সমস্যার সমাধান এখনও পর্যন্ত হয়নি। আমি যদি আমার দলের পক্ষ থেকে দাঁড়িয়ে আপনাদেরকে বলি, আমি সমস্ত জায়গায় তোলাবাজি বন্ধ করে দিতে পেরেছি, তাহলে অবশ্যই ভুল বলছি।” তিনি আরও যোগ করেন, “একটা পদ্ধতির মধ্যে দিয়ে মানুষ দীর্ঘদিন চলে গিয়েছে। একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সমস্ত কিছু পরিবর্তন হয়েছে, এমন নয়।” দলের নাম ব্যবহার করে তোলাবাজির চেষ্টার কথাও স্বীকার করেন শমীক।
তিনি বলেন, “আমাদের দলেরই কারও কারও মধ্যে বাসনা ছিল। যেগুলি এতদিন অতৃপ্ত অবস্থায় ছিল, সেগুলি এখন ফুটে বেরিয়েছে। তবে এটি অস্বীকার করলে মিথ্যাচার হবে।” তিনি আরও জানান, “আমরা কাউকে গ্রহণ করিনি, অথচ আমাদের দলের নাম নিয়ে তোলাবাজি করার চেষ্টা করা হচ্ছে।” পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষও এই প্রসঙ্গে বলেন, “সংস্কৃতি তো আর রাতারাতি পরিবর্তন হয় না। আমাদের কাছে খবর রয়েছে। যা কিছু ঘটছে তার জন্য পুলিশের কাছে অভিযোগ জানানো হচ্ছে। এমনকি আমাদের পার্টির লোকদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে।” সরকার এই বিষয়ে ১৫ দিন সময় নিয়ে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে।








