ব্যুরো নিউজ, ২ আগষ্ট ২০২৬ : বিখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল পূরজার নিথর দেহ অবশেষে উদ্ধার হল। ব্রড পিক (৮০৫১ মিটার) অভিযানে গিয়ে ভয়াবহ তুষারধসের মুখে পড়ে নিখোঁজ হয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে নিখোঁজ হওয়া আরও পাঁচজনের খোঁজ এখনও মেলেনি। গত বৃহস্পতিবার নির্মলদের দলটি বিপর্যয়ের মুখে পড়েছিল। এরপরে শুক্রবার সকাল থেকে উদ্ধারকাজ শুরু হয়। প্রাথমিকভাবে চারজনের দেহ উদ্ধার করা সম্ভব হলেও, নির্মল-সহ বাকি ছ’জন নিখোঁজ ছিলেন। অবশেষে রবিবার ৫৭০০ মিটার উচ্চতায় নির্মলের দেহ খুঁজে পাওয়া যায়।
অ্যালপাইন ক্লাব অফ পাকিস্তান জানিয়েছে, নির্মলের দেহ যেখান থেকে মিলেছে, তার অদূরে আরও তিনটি দেহ রয়েছে। তবে মৃতদের পরিচয় এখনও স্পষ্ট নয়। উদ্ধারকারী বাহিনী দেহগুলি জাপানিজ় ক্যাম্পে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন পূরজা নিজেই, যা নেপালের তিনটি বড় সংস্থা— এলিট এক্সপেড, সেভেন সামিটস এবং ইমাজিন নেপালের উদ্যোগে আয়োজিত হয়েছিল। দলে পাকিস্তান, ওমান, আমেরিকা, চিন এবং নেপালের আরোহী ও শেরপারা ছিলেন।
জিপিএস ট্র্যাকারের সিগন্যাল অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা ৫৭ মিনিট থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে দুর্ঘটনাটি ঘটে। নিখোঁজ আমেরিকান পর্বতারোহী ম্যালোরি গেইসের ট্র্যাকার থেকে জানা যায়, তিনি নিমেষে ৫৪৩ মিটার নীচে ছিটকে পড়েন। ওমানের নাধিরা আল হারথি এক ধাক্কায় ১৬৫১ মিটার নীচে পড়ে যান বলে অন্য ট্র্যাকার বলছে। এই ঘটনায় পর্বতারোহণ মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।








