ইন্ডেনের বড় ঘোষণা: এবার মাত্র ৪ ঘণ্টায় বাড়িতে গ্যাস সিলিন্ডার, জানুন নতুন সুবিধা

ইন্ডেন আনল 'এক্সট্রা লাইট নাও' পরিষেবা। এবার গ্যাস বুক করলে মাত্র ৪ ঘণ্টায় বাড়িতে পৌঁছাবে সিলিন্ডার। নতুন কম্পোজিট সিলিন্ডারের সুবিধাও জানুন।

Share:

ব্যুরো নিউজ, ৩ আগস্ট ২০২৬ঃ রান্না করতে করতে হঠাৎ গ্যাস শেষ হয়ে গেলে অনেক গৃহস্থকেই সমস্যায় পড়তে হয়। নতুন সিলিন্ডার বুক করার পর তা হাতে পেতে দু-তিন দিন, কখনও আবার তারও বেশি সময় অপেক্ষা করতে হত। এই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে ইন্ডেন (Indane) এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। সংস্থা ‘এক্সট্রা লাইট নাও’ (Xtra Lite Now) নামে নতুন এক্সপ্রেস ডেলিভারি পরিষেবা চালু করেছে, যার মাধ্যমে গ্যাস বুক করার মাত্র ৪ ঘণ্টার মধ্যেই সিলিন্ডার গ্রাহকের বাড়িতে পৌঁছে যাবে। এই নতুন পরিষেবা এলপিজি গ্রাহকদের জন্য এক বড় সুবিধা নিয়ে এসেছে। এতদিন একটি মাত্র সিলিন্ডার ব্যবহারকারী পরিবারগুলিকে গ্যাস শেষ হয়ে গেলে বেশ সমস্যায় পড়তে হত।

ইন্ডেনের দাবি, এই পরিষেবা চালু হলে সেই অপেক্ষা অনেকটাই কমে যাবে। প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে কোয়েম্বাটুর, পুণে, গুরুগ্রাম এবং ইন্দোর-সহ কয়েকটি শহরে এই পরিষেবা শুরু হচ্ছে। অগস্ট মাসের মধ্যেই দেশের ২৫টি শহরে এবং অক্টোবরের মধ্যে দেশের বিভিন্ন শহর ও শহরতলিতে এটি চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। গ্যাস বুক করার পদ্ধতিও সহজ করা হয়েছে। গ্রাহকরা ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপ (IndianOil One App) বা কাস্টমার পোর্টালের মাধ্যমে অনলাইনে বুকিং করতে পারবেন।

এছাড়াও, 7588888824 নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও দ্রুত ডেলিভারির সুবিধা সহ গ্যাস বুক করা যাবে। শুধু ডেলিভারি নয়, সিলিন্ডারেও আসছে পরিবর্তন। ধীরে ধীরে লোহার সিলিন্ডারের বদলে ৫ কেজি ও ১০ কেজির কম্পোজিট সিলিন্ডার আনার পরিকল্পনা করেছে ইন্ডেন। এই নতুন সিলিন্ডারগুলি ওজনে হালকা হওয়ায় সহজে বহন করা যাবে এবং মরচে ধরার আশঙ্কাও থাকবে না। সবচেয়ে বড় সুবিধা হল, কম্পোজিট সিলিন্ডারের একটি অংশ স্বচ্ছ হওয়ায় বাইরে থেকেই গ্যাসের পরিমাণ বোঝা যাবে, যা হঠাৎ গ্যাস ফুরিয়ে যাওয়ার সমস্যা অনেকটাই কমাবে।