ভারতীয় ফুটবলের স্বার্থে জামশেদপুর এফসিকে বাঁচান: টাটা গোষ্ঠীর কাছে সুনীল ছেত্রীর আরজি

জামশেদপুর এফসি-র আইএসএল থেকে প্রত্যাহারে স্তম্ভিত সুনীল ছেত্রী। ভারতীয় ফুটবলের স্বার্থে টাটা গোষ্ঠীর কাছে দল ফিরিয়ে আনার আরজি জানালেন কিংবদন্তি ফুটবলার।

Share:

ব্যুরো নিউজ, ৩ আগস্ট ২০২৬ঃ ইন্ডিয়ান সুপার লিগ (ISL) থেকে জামশেদপুর এফসি-র আকস্মিক দল প্রত্যাহার ভারতীয় ফুটবল মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। এই ঘটনায় স্তম্ভিত ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রী টাটা গোষ্ঠীর কাছে আবেগঘন আরজি জানিয়েছেন, যাতে তারা তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে। সুনীল ছেত্রীর মতে, এই সিদ্ধান্ত ভারতীয় ফুটবলের জন্য এক বিরাট বিপর্যয় এবং ‘পেটে ঘুসি খেয়ে হজম করে নেওয়ার মতো’। সম্প্রতি জামশেদপুর এফসি আইএসএল থেকে দল তুলে নেওয়ার কথা ঘোষণা করে।

জানা যায়, টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় প্রথম কিস্তির ৫৫ লক্ষ টাকা অন্যান্য ক্লাব জমা দিলেও জামশেদপুর এফসি তা দেয়নি, বরং দল প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সুনীল ছেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, “জামশেদপুর এই প্রথমবারের মতো দল প্রত্যাহার করে নিল। ফুটবলার এবং সাপোর্ট স্টাফরা হঠাৎ করে ক্লাবহীন হয়ে গেলেন।” তিনি আরও বলেন, “হয়তো শেষ পর্যন্ত ক্লাব পেয়ে যাবেন, তবে লিগে একটা ক্লাব কমে গেল। তাতে হয়তো ইন্ডিয়ান সুপার লিগ এগিয়ে যাবে, তবে ভারতীয় ফুটবলের শীর্ষস্তরে টাটা গোষ্ঠীর কোনও ক্লাব থাকবে না।”

ছেত্রী এই পরিস্থিতিকে “এমন এক ধরনের বিপর্যয় যার কোনও বিকল্প নেই” বলে উল্লেখ করেন। প্রাক্তন ভারতীয় অধিনায়ক টাটা গোষ্ঠীর শীর্ষ কর্তাদের কাছে অনুরোধ করেছেন, “আমি জানি খেলাধুলার ক্ষেত্রে অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। আমি শুধু অনুরোধ করতে পারি যাতে টাটা গোষ্ঠীর শীর্ষ কর্তারা মাথার বদলে মনের কথা শোনেন এবং সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন। সেটা হয়তো ব্যবসায়িক দিক থেকে খারাপ হতে পারে, তবে ফুটবলের জন্য এখন এটা দরকার।” ভারতীয় ফুটবলের স্বার্থে জামশেদপুর এফসি-কে ফিরিয়ে আনার এই আরজি এখন ফুটবল মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।