ব্যুরো নিউজ, ৩ আগস্ট ২০২৬ঃ সেপ্টেম্বর মাসে চরম ভোগান্তির শিকার হতে চলেছেন নিত্যযাত্রীরা। আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিহারের মোকামার কাছে গঙ্গার উপর রাজেন্দ্র সেতুর সমান্তরালে একটি নতুন রেল সেতু চালু করার জন্য নন-ইন্টারলকিং কাজ চলবে। এর ফলে ভারতীয় রেলের পক্ষ থেকে মোট ৩৩৮টি ট্রেন বাতিল করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পূর্ব-মধ্য রেলওয়ের মুখ্য জনসংযোগ কর্মকর্তা সরস্বতী চন্দ্র জানিয়েছেন, আপার হাতিদহ জংশন, তাল জংশন, রামপুর ডুমরা, বারৌনি জংশন এবং দিনকর গ্রাম সিমারিয়া রেল নেটওয়ার্কের সঙ্গে এই নতুন সেতু সংযুক্ত করার কাজ শুরু হবে ২১ সেপ্টেম্বর থেকে। এই কাজ আগামী ৪ অক্টোবরের মধ্যেই শেষ হবে বলে অনুমান করা হচ্ছে।
রেল সূত্রে খবর, এই কাজের কারণে মোট ৮৪৫টি ট্রেন পরিষেবা ব্যাহত হবে। এর মধ্যে ৩৩৮টি ট্রেন সম্পূর্ণ বাতিল থাকবে। এছাড়াও, ২০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের মধ্যে বিভিন্ন দিনে মোট ৩৮৪টি ট্রেনের পথ পরিবর্তন করা হবে, ৫৬টি ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হবে এবং ৬৭টি ট্রেনের শুরুর স্টেশন সংক্ষিপ্ত করা হবে। রেলের এক আধিকারিক জানিয়েছেন, যেহেতু বর্তমান সেতুটি দিয়ে শুধুমাত্র একটি রেল লাইন রয়েছে এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এটিকে ডাবল করা সম্ভব নয়, তাই ভারতীয় রেল ১৪৯১.৪৭ কোটি টাকা ব্যয় করে ওই সেতুর সমান্তরালে আরও একটি নতুন সেতুর অনুমোদন দিয়েছে। নতুন ১.৯ কিলোমিটার দীর্ঘ এই রেল সেতুটি গঙ্গার উপর দিয়ে মোকামা এবং বারৌনিকে সংযুক্ত করবে। এতে দিল্লি-হাওড়া রেল করিডরের ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ট্রেন পরিষেবা আরও উন্নত হবে। যাত্রীদের আগাম নোটিশ দেখে টিকিট কাটার পরামর্শ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে যাত্রীদের দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে।








