ব্যুরো নিউজ, ৩ আগস্ট ২০২৬ঃ নেপালে হিন্দুরাষ্ট্র পুনর্বহালের দাবিতে এবং বাংলাদেশি ও পাকিস্তানি নাগরিকদের দেশ থেকে বিতাড়নের দাবিতে ব্যাপক জনরোষ দেখা দিয়েছে। সাম্প্রতিক সাম্প্রদায়িক দাঙ্গার পর থেকেই নেপালের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি চলছে। সময় যত গড়াচ্ছে, এই আন্দোলন ততই তীব্র আকার ধারণ করছে এবং দেশের রাজনৈতিক মহলে চাপ বাড়াচ্ছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, নেপালের সিরাহা জেলায় ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট পার্টির সাংসদ বাবলু গুপ্তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়েছেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, জনপ্রতিনিধিরা হিন্দুরাষ্ট্রের প্রত্যাবর্তন ও দেশের পরিবর্তনের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণ করছেন না।
কাঠমান্ডু পোস্টের রিপোর্ট অনুযায়ী, সাধারণ মানুষ আশা নিয়ে ভোট দিলেও তাঁদের দাবি উপেক্ষা করা হচ্ছে। এই ক্ষোভের মূল কারণ হিসেবে সাম্প্রতিক দাঙ্গাকেই চিহ্নিত করা হচ্ছে, যা জনমানসে গভীর প্রভাব ফেলেছে। গত ২৬শে জুলাই থেকে নেপালে শুরু হওয়া সাম্প্রদায়িক দাঙ্গায় তিনজনের মৃত্যু হয় এবং বহু মানুষ আহত হন। এই ঘটনার পর নেপালের হিন্দু সংগঠনগুলি ১৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দিয়েছে। তাঁদের প্রধান দাবিগুলির মধ্যে অন্যতম হল নেপালকে পুনরায় হিন্দুরাষ্ট্র ঘোষণা করা। এছাড়াও, প্রতিবেশী দেশ থেকে আসা সমস্ত বাংলাদেশি ও পাকিস্তানি অনুপ্রবেশকারীদের অবিলম্বে দেশছাড়া করার দাবি জানানো হয়েছে। শুধু তাই নয়, ১৯৯০ সালের পর থেকে যাঁদের নেপালের নাগরিকত্ব দেওয়া হয়েছে, সেই বিষয়গুলিও ফের খতিয়ে দেখার দাবি উঠেছে। এই জনরোষের ফলে নেপালের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে এবং সরকারের উপর চাপ বাড়ছে।








