ব্যুরো নিউজ, ৪ আগস্ট ২০২৬ঃ দেশের জনপ্রিয় কিছু মদের ব্র্যান্ডকে ঘিরে বড় পদক্ষেপ নিল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। খাদ্য নিরাপত্তা ও লেবেলিং সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগে সংস্থাটি Old Monk, Bagpiper Deluxe Whisky, Royal Challenge, McDowell’s No. 1 Rum, Antiquity Blue এবং Old Cask Deluxe XXX Rum-এর কিছু নির্দিষ্ট ভ্যারিয়েন্টের বিক্রি ও বিতরণ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
FSSAI স্পষ্ট করেছে যে এই নির্দেশ সংশ্লিষ্ট ব্র্যান্ডগুলির সমস্ত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য নয়, বরং নির্দিষ্ট উৎপাদন ইউনিটে তৈরি কয়েকটি ভ্যারিয়েন্টের বিরুদ্ধেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তে FSSAI দাবি করেছে, কয়েকটি প্রস্তুতকারক সংস্থা মদের স্বাদ ও গন্ধ বাড়াতে ‘নেচার আইডেন্টিকাল’ বা কৃত্রিম ফ্লেভারিং ব্যবহার করেছে। নিয়ন্ত্রক সংস্থার মতে, রাম বা হুইস্কির মতো পানীয়তে আলাদা করে কৃত্রিম ফ্লেভার যোগ করা আন্তর্জাতিকভাবে স্বীকৃত উৎপাদন পদ্ধতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তাদের বক্তব্য, এতে প্রাকৃতিক উপাদানের পরিবর্তে কৃত্রিম উপায়ে স্বাদের বৈশিষ্ট্য তৈরি করা হয়, যা খাদ্য নিরাপত্তা বিধির পরিপন্থী। এই কারণেই সংশ্লিষ্ট পণ্যগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে ঘিরে মদ প্রস্তুতকারী শিল্পেও জোর আলোচনা শুরু হয়েছে। ডিয়াজিও ইন্ডিয়ার সহযোগী সংস্থা ইউনাইটেড স্পিরিটস জানিয়েছে, তাদের পণ্যের লেবেল বর্তমান আইন মেনেই তৈরি এবং তারা কোনো নিয়ম ভঙ্গ করেনি। সংস্থাটি FSSAI-এর সিদ্ধান্তকে আইনি পথে চ্যালেঞ্জ করেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ শুধু কয়েকটি ব্র্যান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নয়, বরং গোটা খাদ্য ও পানীয় শিল্পের জন্য একটি স্পষ্ট বার্তা। ভোক্তাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং নির্ধারিত মান বজায় রাখার বিষয়টি এখন নিয়ন্ত্রক সংস্থার অন্যতম অগ্রাধিকার।








