ব্যুরো নিউজ, ১০ আগস্ট ২০২৬ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন, তবে তা পরমাণু চুক্তি ছাড়াই। সম্প্রতি ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক রিপোর্টে আমেরিকান আধিকারিকদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে যে, পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালীতে যদি স্বাভাবিক বাণিজ্য ও আন্তর্জাতিক জাহাজ চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়, তবে মার্কিন প্রশাসন নিজেদের বিজয়ী ঘোষণা করে যুদ্ধ সমাপ্তি ঘটাতে প্রস্তুত।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইসরায়েল ও আমেরিকার মধ্যে সামরিক সংঘাতের সূচনা হয়েছিল, যার জেরে বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ এই হরমুজ প্রণালীতে ইরান কড়া নিয়ন্ত্রণ কায়েম করে। আমেরিকা যুদ্ধ থামানোর সংকেত দিলেও, ইরান নিজেদের অবস্থানে অনড়। আল জাজিরায় প্রকাশিত বার্তা অনুযায়ী, ইরানের প্রাক্তন প্রধান বিচারপতি আয়াতুল্লাহ আমোলি লারিজানি স্পষ্ট জানিয়েছেন, হরমুজ প্রণালীর উপর থেকে তেহরান কোনও মূল্যে নিজেদের আধিপত্য ছাড়বে না। তিনি জোর দিয়ে বলেন, এই প্রণালীর সার্বভৌমত্ব একমাত্র ইরানের হাতেই সুরক্ষিত। অন্যদিকে, ওমানের সঙ্গে ইরানের চুক্তি নিয়ে আশার আলো দেখা গেলেও পরিস্থিতি এখনও জটিল। ইরানি বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে জলপথে একটি নতুন শিপিং রুট চালুর খুব কাছাকাছি রয়েছে ইরান ও ওমান।
তবে চুক্তি চূড়ান্ত হলেও প্রণালীটি অবিলম্বে সমস্ত জাহাজের জন্য খুলে দেওয়া হবে না। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি বডির সচিব মোহাম্মদ বাকের জোরকাদর মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সহযোগীদের সামনে একগুচ্ছ শর্ত তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে যুদ্ধকালীন ক্ষতিপূরণ, ইরানের উপর আরোপিত সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, আটকে থাকা অর্থ ফেরত দেওয়া এবং ইরান-সহ লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন ও ইরাকের সহযোগী গোষ্ঠীর উপর মার্কিন আগ্রাসন ও হুমকি সম্পূর্ণ বন্ধ করা। ফলে ট্রাম্প প্রশাসনের জন্য যুদ্ধ বন্ধের এই পথ মোটেই মসৃণ হচ্ছে না।








