ব্যুরো নিউজ, ১০ আগস্ট ২০২৬: দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতার আবহে নতুন রাজনৈতিক দল ‘আজাদ হিন্দ পার্টি’র ঘোষণা করলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসু। সদ্য তৃণমূল ত্যাগী চন্দ্র বসু জানিয়েছেন, এই দল মূলত জেন-জি বা যুব সম্প্রদায়কে সামনে রেখে নেতাজির আদর্শে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করবে। দলের মেন্টর হিসেবে তিনি নিজেই দায়িত্ব নেবেন।
১৯৪৩ সালের ২১ অক্টোবর নেতাজি সিঙ্গাপুর থেকে ‘আজাদ হিন্দ সরকার’ গঠনের ঘোষণা করেছিলেন। সেই ঐতিহাসিক দিনটিকেই স্মরণে রেখে আগামী ২১ অক্টোবর থেকেই নতুন এই দলের কর্মসূচি শুরু হবে। নেতাজির জন্মস্থান ওড়িশার কটক শহর থেকে দলের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। চন্দ্র বসুর দাবি, বিভিন্ন রাজনৈতিক দলে থেকে নেতাজির আদর্শ মেনে কাজ করতে না পারায় এই নতুন উদ্যোগ। চন্দ্র বসু ২০১৬ সালে বিজেপিতে যোগ দিয়ে সাত বছর ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নেতাজির আদর্শে কাজ করার আর্জি জানালেও তা পূরণ হয়নি। পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন।
সাম্প্রতিক নির্বাচনে ভরাডুবির পর দলনেত্রীকে পদত্যাগপত্র পাঠিয়ে তৃণমূল থেকেও সরে দাঁড়ান। তাঁর বক্তব্য, বিজেপি বা তৃণমূল, কোনও দলেই নেতাজির আদর্শ অনুযায়ী কাজ করার সুযোগ মেলেনি। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ‘আজাদ হিন্দ মোর্চা’ গড়ার বিষয়ে আলোচনা হলেও, নতুন দল গঠনের পরিবর্তে একসঙ্গে কাজ করার প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু মনোমালিন্যের জেরে বিজেপি ছাড়তে হয়। তৃণমূলেও স্বস্তি না মেলায় এবার নিজস্ব দল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন নেতাজির প্রপৌত্র।








