ব্যুরো নিউজ, ১০ আগস্ট ২০২৬: মূল্যবৃদ্ধির আঁচ এবার নিত্যপ্রয়োজনীয় পাউরুটির বাজারেও। আগামী ১৭ অগস্ট, সোমবার থেকে বেকারি পাউরুটির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বেকারি অ্যাসোসিয়েশন। নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি পাউন্ড পাউরুটির দাম ৪ টাকা এবং হাফ পাউন্ড পাউরুটির দাম ২ টাকা বৃদ্ধি পাবে। এই মূল্যবৃদ্ধি সরাসরি সাধারণ মানুষের পকেটে চাপ ফেলবে বলে মনে করা হচ্ছে।
বেকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, ময়দা, চিনি, ভোজ্য তেল এবং প্যাকেজিং সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণেই এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তাঁরা। বেকার্স অ্যাসোসিয়েশনের তরফে আরিফুল ইসলাম জানান, ময়দার দাম প্রতি কেজিতে প্রায় ৬ টাকা, চিনির দাম প্রতি কেজিতে প্রায় ১০ টাকা এবং ভোজ্য তেলের দাম প্রতি কেজিতে প্রায় ৮ টাকা বেড়েছে। এছাড়াও, প্যাকেজিং সামগ্রীর দামও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আরিফুল ইসলাম আরও বলেন, প্যাকেজিং, পলিথিন এবং প্রিন্টিংয়ের কালির মতো উপকরণগুলি পেট্রোলিয়ামজাত পণ্যের সঙ্গে যুক্ত।
পশ্চিম এশিয়ার অস্থিরতার জেরে এই সমস্ত উপকরণের দাম বেড়েছে, যা পাউরুটি তৈরির খরচ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ব্যবসায়ীদের আশঙ্কা, দাম বাড়ার ফলে পাউরুটির বিক্রি প্রায় ৪০ শতাংশ কমে যেতে পারে, যা বেকারি শিল্পে বড় ধাক্কা দেবে। যদিও এই মুহূর্তে দাম বৃদ্ধি ছাড়া অন্য কোনও উপায় ছিল না বলেই দাবি তাঁদের। এই পরিস্থিতিতে আমজনতার দৈনন্দিন খরচ আরও বাড়ল।








