পশ্চিমবঙ্গে ‘ল্যান্ড জেহাদ’ রুখতে কড়া আইন আনছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী: ঘোষণা বাঁকুড়ায়

পশ্চিমবঙ্গে ল্যান্ড জেহাদ রুখতে কড়া আইন আনার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাঁকুড়ার সভা থেকে তিনি জানান, ধর্ম পরিবর্তন ও জমি কেনাবেচার ক্ষেত্রে নতুন আইন আনা হবে।

Share:

ব্যুরো নিউজ, ১১ আগস্ট ২০২৬: পশ্চিমবঙ্গে ‘ল্যান্ড জেহাদ’ রুখতে কড়া আইন আনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বাঁকুড়ার প্রশাসনিক সভা থেকে তিনি জানান, তাঁর সরকার ধর্ম পরিবর্তন এবং জমি কেনাবেচার ক্ষেত্রে নতুন আইন আনবে। এই পদক্ষেপকে জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ঠিক এক বছর আগে স্বাধীনতা দিবসের ভাষণে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘ল্যান্ড জেহাদ’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

তিনি বলেছিলেন, ভূমিপুত্রদের জমি কেড়ে নিচ্ছে বহিরাগত হানাদাররা, যা সীমান্তবর্তী অঞ্চলগুলির জনবিন্যাস পালটে দিচ্ছে এবং জাতীয় নিরাপত্তার জন্য বড়সড় চ্যালেঞ্জ তৈরি করছে। সেই সময় রাজ্যে তৃণমূলের সরকার থাকলেও, এখন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই ইস্যুতে পদক্ষেপের কথা ভাবা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাঁকুড়ার সভা শেষে হিন্দুদের স্বার্থরক্ষায় তাঁর সরকারের নেওয়া একাধিক পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দেন।

তিনি বলেন, “সীমান্তে জমি বিএসএফকে দিয়ে দিয়েছি, ওবিসির অবৈধ তালিকা বাতিল করে দিয়েছি, ইমাম-মোয়াজ্জেম ভাতা বন্ধ করে দিয়েছি, গোমাতার সম্মান রক্ষা করেছি। মহরম হয়েছে কিন্তু তলোয়ার বের করতে দিইনি। কিছুদিনের মধ্যে ইউসিসি আসবে।” এরপরই তিনি ঘোষণা করেন, “আর দুটো কাজ আমার বাকি। ধর্ম পরিবর্তন আর জমি কেনাবেচার ক্ষেত্রে আইন আনা। এ কাজও আমি করছি।” এই আইন কার্যকর হলে অনুমতি ব্যতীত ভিনধর্মে জমি বিক্রি করা কঠিন হবে বলে মনে করা হচ্ছে।