ব্যুরো নিউজ, ১ সেপ্টেম্বর ২০২৬: হাওড়া মাছের বাজার ও সংলগ্ন এলাকার আমূল পরিবর্তনে ২৫০ কোটি টাকার এক বিশাল পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। হাওড়া বাসস্ট্যান্ড থেকে শুরু করে মাছের বাজার পর্যন্ত পুরো এলাকাকে বিশ্বমানের করে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। জানা গিয়েছে, হাওড়ায় যেখানে পাইকারি মাছের বাজার রয়েছে, সেখানেই অত্যাধুনিক বিশ্বমানের একটি মাছের বাজার তৈরি করা হবে। এটি একটি ছয় তলা বিল্ডিং হবে, যেখানে লিফট, চলন্ত সিঁড়ি এবং পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থাও থাকবে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রাই সম্প্রতি হাওড়া স্টেশন চত্বর পরিদর্শন করে এই পরিকল্পনার কথা জানিয়েছেন।
তিনি বলেন, মাছ বাজারে বিক্রেতা ও কর্মচারীদের জন্য আলাদা থাকার জায়গা এবং আধুনিক স্বাস্থ্যকেন্দ্রও তৈরি করা হবে। মন্ত্রীর কথায়, ‘আমরা আজ দেখে গেলাম, এরপর পরিকল্পনা করে সব কাজই খুব তাড়াতাড়ি শুরু করব।’ শুধু মাছের বাজার নয়, হাওড়া বাসস্ট্যান্ডেরও আধুনিকীকরণ করা হবে।
মন্ত্রী উমেশ রাই জানান, হাওড়া বাসস্ট্যান্ডের কাজ অস্থায়ীভাবে শুরু হচ্ছে এবং নতুন শেড তৈরির কাজ দ্রুত শেষ হবে। তিনি আরও বলেন, হাওড়া স্টেশন চত্বরকে নিয়েও বড় পরিকল্পনা রয়েছে, যা এখানকার বাস ও ট্রেন যাত্রীদের আধুনিক পরিষেবা দেবে। একটি টাস্ক ফোর্স গঠন করা হবে পুরো বিষয়টি তদারকির জন্য। গত ৫০ বছরে এই এলাকার কোনও উন্নয়ন হয়নি বলেও তিনি মন্তব্য করেন।








