ব্যুরো নিউজ, ১ সেপ্টেম্বর ২০২৬: বিলবোর্ড কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার শেক্সপিয়র সরণী থানায় হাজিরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর ১২টা ১৭ মিনিট নাগাদ তিনি নিজের গাড়িতে করে থানায় পৌঁছন। এই ঘটনাকে কেন্দ্র করে থানার বাইরে ভিড় জমান দলীয় কর্মী-সমর্থকরা। বৃষ্টি উপেক্ষা করে তাঁরা ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’ এবং ‘তোমার নেতা, আমার নেতা, সবার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’ স্লোগানে মুখরিত করে তোলেন এলাকা।
গত বৃহস্পতিবার অর্থাৎ ২৭শে আগস্ট ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয়ের একটি বিলবোর্ড পুরসভার আধিকারিকরা বেশ কয়েকজন পুলিশ কর্মী নিয়ে এসে জোরপূর্বক খুলে দেয় বলে অভিযোগ ওঠে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময় বিলবোর্ড খোলার নির্দেশিকা দেখতে চাইলে আধিকারিকরা তা দেখাতে ব্যর্থ হন বলে দাবি করা হয়। পরে অবশ্য নির্দেশিকা নিয়ে এসে বিতর্কিত বিলবোর্ডটি খুলে ফেলা হয়। এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের কাজে বাধা দেওয়া এবং শ্লীলতাহানির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলীয় কর্মীদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করা হয়। সেই এফআইআর-এর ভিত্তিতেই এদিন তাঁকে শেক্সপিয়র সরণী থানায় দুপুর ১২টার পর হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনেই তিনি থানায় উপস্থিত হন এবং বর্তমানে পুলিশ আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন বলে খবর। এই ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।








