ব্যুরো নিউজ, ১ সেপ্টেম্বর ২০২৬: ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করতে এবার বড়সড় প্রস্তাব নিয়ে এগিয়ে এসেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিল্লির হাতে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৫০০ এবং পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সু-৫৭ তুলে দিতে আগ্রহী। বর্তমানে ভারত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের সন্ধানে রয়েছে, এই পরিস্থিতিতে মস্কোর এই প্রস্তাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, ‘অপারেশন সিঁদুর’ চলাকালীন এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কার্যত একা হাতে পাকিস্তানের ঘুম ছুটিয়েছিল। এর আতঙ্কে ভারত সীমান্তের ২০০ কিলোমিটারের মধ্যে শত্রুর যুদ্ধবিমান ঢোকার সাহস পায়নি। আকাশ প্রতিরক্ষায় এস-৪০০-এর জুড়ি মেলা ভার। এবার তারই উন্নত সংস্করণ এস-৫০০ ভারতের হাতে তুলে দিতে চাইছে রাশিয়া।
এই ব্যবস্থা শত্রুর চোখকে ‘অন্ধ’ করে দিতে সক্ষম। অন্যদিকে, রাশিয়ার সুখোই ডিজাইন ব্যুরোর তৈরি সু-৫৭ যুদ্ধবিমান আকাশ, স্থল ও সমুদ্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা রাখে। প্রতিকূল আবহাওয়া ও ইলেকট্রনিক যুদ্ধের পরিস্থিতিতেও দিন-রাত সর্বক্ষণ যুদ্ধ করতে পারে এই বিমান। কম দৃশ্যমানতাতেও সমান কর্মক্ষম পঞ্চম প্রযুক্তির এই যুদ্ধবিমান ভারতের সামরিক শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এই প্রস্তাব কার্যকর হলে চিন ও পাকিস্তানের চিন্তা নিঃসন্দেহে বৃদ্ধি পাবে। ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারে।








