মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের আগুন, ইরানে মার্কিন হামলা; ট্রাম্পের কড়া বার্তা: হরমুজ আমাদের দখলে

মধ্যপ্রাচ্যে ফের সংঘাত, ইরানে মার্কিন হামলা ও পাল্টা জবাব। ট্রাম্পের কড়া বার্তা: হরমুজ আমাদের দখলে, ইরানের সঙ্গে আলোচনা নয়। জানুন বিস্তারিত।

Share:

ব্যুরো নিউজ, ২ সেপ্টেম্বর ২০২৬: মঙ্গলবার ফের যুদ্ধের আগুনে পুড়ল মধ্যপ্রাচ্য। রাতভর ইরানে বিমান হানা চালিয়েছে আমেরিকা। এর পালটা জর্ডন ও বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরান। কুয়েতের ঘাঁটিতেও মিসাইল আছড়ে পড়েছে বলে খবর। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীর দখল এখন পুরোপুরি তাঁদের হাতে। ইরানের সঙ্গে আর কোনও আলোচনা হবে না বলেও কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ডের দাবি, হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলার প্রত্যাঘাত হিসাবেই রাজধানী তেহরান-সহ ইরানের একাধিক এলাকায় আকাশপথে হামলা চালানো হয়েছে। দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়েবাড়িতেও মার্কিন মিসাইল আছড়ে পড়ে, যেখানে এক শিশু-সহ চারজনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন অন্তত ৫০ জন। দেশজুড়ে হামলার পরই মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা আক্রমণ শানায় ইরানি সেনা। তাদের দাবি, অন্তত দুই মার্কিন সেনার মৃত্যু হয়েছে, যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছে আমেরিকা। রাতভর হামলার পরই ট্রুথ সোশালে বিরাট বার্তা দিয়েছেন ট্রাম্প।

তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনওরকম আলোচনায় বসতে রাজি নন তিনি। মার্কিন প্রেসিডেন্টের কথায়, “হরমুজ আমাদের নিয়ন্ত্রণে। ইরানকে আর কোনও সুযোগ দেওয়া হবে না।” এই ঘটনা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আন্তর্জাতিক মহলে এই সংঘাত নিয়ে উদ্বেগ বাড়ছে।