রাজ্যের পুর এলাকায় জঞ্জাল সংগ্রহে এবার ডিজিটাল নজরদারি, কিউআর কোড বাধ্যতামূলক

রাজ্যের পুর এলাকায় জঞ্জাল সংগ্রহে এবার ডিজিটাল নজরদারি। প্রতিটি বাড়িতে কিউআর কোড বসিয়ে রিয়েল-টাইম তথ্য সংগ্রহ করা হবে। ডিসেম্বরের মধ্যে কার্যকর হবে এই ব্যবস্থা।

Share:

ব্যুরো নিউজ, ২ সেপ্টেম্বর ২০২৬: রাজ্যের বর্জ্য অপসারণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও গতিশীল করতে এবার ডিজিটাল নজরদারির পথে হাঁটছে পুর দপ্তর। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই রাজ্যের প্রতিটি পুর এলাকায় এই নতুন ব্যবস্থা কার্যকর করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর ফলে প্রতিটি বাড়ির প্রধান গেট বা দৃশ্যমান স্থানে একটি করে কিউআর কোড সম্বলিত স্টিকার লাগানো হবে। জঞ্জাল সংগ্রহের জন্য পুরকর্মীরা যখন নির্দিষ্ট বাড়িতে পৌঁছবেন, তখন তাঁদের কাছে থাকা যন্ত্রের মাধ্যমে ওই কোড স্ক্যান করে যাবতীয় তথ্য কেন্দ্রীয় সার্ভারে আপডেট করতে হবে।

পুর দপ্তর সূত্রে জানা গেছে, এই ডিজিটাল পদক্ষেপের মূল উদ্দেশ্য হল জঞ্জাল সংগ্রহে নজরদারি বাড়ানো এবং পুর পরিষেবা উন্নত করা। এর মাধ্যমে কোন কর্মী কখন কোথায় কাজ করছেন, তা সহজেই ট্র্যাক করা সম্ভব হবে। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, সরকারের লক্ষ্য প্রতিটি বাড়ি থেকে ১০০ শতাংশ বর্জ্য সংগ্রহ করে উৎসেই তা পৃথকীকরণ করা। একইসঙ্গে দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্য আধুনিক পদ্ধতিতে পুনরায় ব্যবহারের ব্যবস্থা করা হবে। অভিযোগ রয়েছে যে, অনেক বাসিন্দা ভেজা ও শুকনো বর্জ্য আলাদা করেন না, আবার অনেকে নিয়মিত বর্জ্য দেন না। এই নতুন ব্যবস্থায় পুরকর্মীরা এমন বাড়ির বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন।

আবার, জঞ্জাল সংগ্রহ না করলে বাসিন্দারাও কিউআর কোড স্ক্যান করে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে পারবেন, যা অভিযোগ নিষ্পত্তির সময় কমাবে। বর্জ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞ সাধন ঘোষের মতে, এই ডিজিটাল নজরদারি চালুর ফলে জঞ্জাল সংগ্রহের কাজে গতি আসবে এবং শহরের পরিচ্ছন্নতা বজায় রাখা সহজ হবে।