পাকিস্তানি যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছিলেন, বায়ুসেনা ছেড়ে বেসরকারি বিমান সংস্থায় যোগ দিলেন সেই অভিনন্দন বর্তমান

পাকিস্তানি যুদ্ধবিমান গুঁড়িয়ে দেওয়া বায়ুসেনার বীর পাইলট অভিনন্দন বর্তমান এবার অবসর নিলেন। যোগ দিলেন গোয়ার একটি বেসরকারি বিমান সংস্থায়।

Share:

ব্যুরো নিউজ, ৩ সেপ্টেম্বর ২০২৬: আকাশের যুদ্ধে পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছিলেন। ৩ দিন পাকিস্তানে বন্দি থাকার পরও দেশের প্রতি নিষ্ঠা ও কর্তব্য থেকে একচুলও সরেননি। সেই বীর বায়ুসেনা পাইলট অভিনন্দন বর্তমান এবার বায়ুসেনা থেকে অবসর নিলেন। জানা গিয়েছে, তিনি গোয়ার একটি স্থানীয় বেসরকারি বিমান সংস্থায় পাইলট হিসাবে যোগ দিয়েছেন। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে ভয়াবহ জঙ্গি হামলা হয়। ওই হামলায় ৪০ জনেরও বেশি জওয়ান শহিদ হন। এর ১২ দিনের মাথায় ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের বালাকোটে ঢুকে জইশ জঙ্গিঘাঁটিতে পালটা হামলা চালায়, গুঁড়িয়ে দেয় বেশ কয়েকটি ঘাঁটি।

এরপর আকাশপথে ভারতে ঢুকে পালটা হামলার চেষ্টা করে পাকিস্তানি যুদ্ধবিমান এফ-১৬। কিন্তু ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের সেই পরিকল্পনা সফল হতে দেয়নি। এই ঐতিহাসিক বিমান সংঘর্ষে অভিনন্দন বর্তমানের ভূমিকা ছিল অবিস্মরণীয়। তৎকালীন উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান তাঁর মিগ-২১ বাইসন যুদ্ধবিমান নিয়ে পাক যুদ্ধবিমানটিকে ধাওয়া করে পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়েন। অসীম সাহসিকতার সঙ্গে তিনি একটি পাকিস্তানি এফ-১৬ বিমানকে গুলি করে নামান।

এই ঘটনার পর তিনি পাকিস্তানের হাতে বন্দি হন এবং ৩ দিন পর তাঁকে ভারতের হাতে ফিরিয়ে দেওয়া হয়। তাঁর এই বীরত্বপূর্ণ কাজের জন্য তিনি দেশের মানুষের কাছে শ্রদ্ধার পাত্র হয়ে উঠেছিলেন। এবার এক প্রকার নীরবেই বায়ুসেনাকে বিদায় জানিয়ে নতুন অধ্যায় শুরু করলেন এই সাহসী পাইলট। তাঁর নতুন কর্মজীবনের জন্য দেশবাসী শুভেচ্ছা জানিয়েছে।