দিল্লির চেয়েও উষ্ণ হতে পারে দার্জিলিং, ভূমিধসের আশঙ্কায় সতর্ক আইপিসিসি

আইপিসিসি-র সতর্কবার্তা: দিল্লির চেয়েও উষ্ণ হতে পারে দার্জিলিং, বাড়বে ভূমিধসের ঝুঁকি। নির্মাণে সতর্কতা জরুরি।

Share:

ব্যুরো নিউজ, ৪ সেপ্টেম্বর ২০২৬:  রাষ্ট্রসংঘের জলবায়ু বিষয়ক বিজ্ঞান পর্যালোচনা সংস্থা ‘ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ’ (আইপিসিসি)-এর এক চাঞ্চল্যকর সতর্কবার্তা অনুযায়ী, আগামী কয়েক দশকে দার্জিলিং পাহাড় দিল্লির চেয়েও উষ্ণ হয়ে উঠতে পারে। শুধু তাই নয়, প্রবল বৃষ্টিপাতের ঘটনা বেড়ে যাওয়ায় শৈল শহর ও তার আশপাশের এলাকায় ভূমিধসের ঝুঁকিও মারাত্মকভাবে বৃদ্ধি পাবে। নিরাপত্তার প্রয়োজনে এখনই দার্জিলিং শহরে নির্মাণকাজ নিয়ে সতর্ক হওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

আইপিসিসি-র ষষ্ঠ মূল্যায়ন প্রতিবেদনে দার্জিলিং পাহাড়ে জলবায়ু পরিবর্তনের সুদূরপ্রসারী প্রভাবের বিষয়টি বিশদে তুলে ধরা হয়েছে। সেখানেই উল্লেখ করা হয়েছে, আগামী কয়েক দশকে হিমেল মনোরম আবহাওয়া পালটে শৈল শহর দিল্লির চেয়েও উষ্ণ হয়ে উঠতে পারে। আইপিসিসি-র আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ২১০০ সালের মধ্যে দার্জিলিংয়ের গড় তাপমাত্রা ৫.৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

এর অর্থ, সমতলের বড় শহর, যেমন দিল্লির তুলনায় দার্জিলিং দ্রুত হারে উষ্ণ হচ্ছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে ইতিমধ্যেই পাহাড়ের বাস্তুতন্ত্রে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পাহাড়ি উদ্ভিদে অকাল ফেনোলজিক্যাল প্রতিক্রিয়া দেখা দিতে শুরু করেছে; উদাহরণস্বরূপ, স্থানীয়ভাবে ‘লালী গুরাঁস’ নামে পরিচিত রডোডেনড্রন অসময়ে ফুটছে। পাশাপাশি, হঠাৎ প্রবল বৃষ্টিপাতের ঘটনা বেড়ে যাওয়ায় শহর ও এর আশপাশের এলাকায় ভূমিধসের ঝুঁকি বহুগুণ বেড়েছে। এই পরিস্থিতিতে পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে মনে করছেন পরিবেশবিদরা।