ব্যুরো নিউজ, ৪ সেপ্টেম্বর ২০২৬: মণিপুরে ফের বিস্ফোরণের ঘটনা ঘটল। এবার থৌবাল জেলার ইয়ারিপোকে মণিপুর বিধানসভার কংগ্রেস পরিষদীয় দলের নেতা কে মেঘচন্দ্র সিং-এর বাসভবনের সামনে বিস্ফোরণ হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রায় সওয়া আটটা নাগাদ তাঁর বাড়ির গেটের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, অজ্ঞাতপরিচয় কোনও ব্যক্তি সম্ভবত একটি বিস্ফোরক ছুড়েছিল। তবে এই হামলার নেপথ্যে কারা রয়েছে এবং তাদের উদ্দেশ্য কী, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
গত কয়েকদিন ধরেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর। এই বিস্ফোরণের কয়েকদিন আগেই কাংপোকপি এলাকার একাধিক গ্রামে হামলা চালিয়ে অন্তত ২৫টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। তারও আগে কনথৌজাম কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা রাজ্য সরকারের মুখপাত্র সাপাম রঞ্জন সিংয়ের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় কেউ হতাহত না হলেও, মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং এই নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জনবহুল এলাকায় এমন বিস্ফোরণকে ‘গণতন্ত্রের ওপর আক্রমণ’ বলে মন্তব্য করেছিলেন। কে মেঘচন্দ্র সিং-এর বাড়ির কাছে এই বিস্ফোরণের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন মণিপুরে একাধিক হিংসার ঘটনা ঘটছে। এই হামলার পর রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সামগ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীর পরিচয় এবং হামলার পেছনের উদ্দেশ্য জানতে জোর কদমে তদন্ত চলছে। রাজ্যের শান্তি বিঘ্নিত করার এই ধরনের প্রচেষ্টা রুখতে প্রশাসন বদ্ধপরিকর।








