ব্যুরো নিউজ, ৭ সেপ্টেম্বর ২০২৬: মহালয়ায় ইডেন গার্ডেন্সে রাজ্য সরকারের আয়োজিত মেগা অনুষ্ঠান প্রসঙ্গে মুখ খুললেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলার মহারাজ স্পষ্ট জানিয়েছেন, এই বিষয়ে এখনও বিস্তারিত আলোচনা হয়নি, তবে মুখ্যমন্ত্রী যা বলবেন, সেটাই চূড়ান্ত হবে। রাজনৈতিক পালাবদলের পর বিজেপি সরকারের হাত ধরে এই প্রথমবার রাজ্যে পালিত হতে চলেছে দুর্গাপুজো, যার সূচনা হবে মহালয়ার দিন, ১০ অক্টোবর।
সূত্রের খবর অনুযায়ী, মহালয়ায় ইডেন গার্ডেন্সে এক বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। এতে মহিষাসুরমর্দিনী, ঢাকের অনুষ্ঠান, বাংলার লোক ও শাস্ত্রীয় সংস্কৃতির পরিবেশনা এবং জনপ্রিয় শিল্পীদের কনসার্ট থাকবে। এই অনুষ্ঠান দেশ-বিদেশে সরাসরি সম্প্রচারিত হবে। এমনকি, ঢাককে কেন্দ্র করে বিশ্বরেকর্ড গড়ারও চেষ্টা হতে পারে। এই বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। সিএবি এই ‘মহাযজ্ঞ’ নিয়ে কী ভাবছে, এমন প্রশ্নের উত্তরে সৌরভ হাসিমুখে জানান, “যেরকম সরকার, মুখ্যমন্ত্রী বলবেন সেভাবেই হবে। এখনও কিছু জানি না।” তিনি আরও বলেন, মহালয়া নিয়ে সরকারের পরিকল্পনা নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে। প্রসঙ্গত, সম্প্রতি মিলন মেলা প্রাঙ্গণে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী দুর্গাপুজো নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছেন। এর মধ্যে ডিজে বাজানো নিষিদ্ধ করা, মাতৃপক্ষের আগে পুজোর উদ্বোধন না করা এবং জাতীয় সড়ক ও কলকাতার ১৩টি প্রধান রাস্তা আটকে পুজো না করার নির্দেশ অন্যতম।








