ব্যুরো নিউজ, ৮ সেপ্টেম্বর ২০২৬: কমলালেবু বিক্রি করে স্কুল গড়েছিলেন, দেশের শিক্ষাক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের জন্য রাষ্ট্রপতি তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছিলেন। কর্নাটকের সেই সম্মানীয় ব্যক্তি হরেকলা হাজাব্বার নাগরিকত্ব এবার প্রশ্নের মুখে। পদ্মশ্রী সম্মান পাওয়ার মাত্র ৬ বছর পর নির্বাচন কমিশন তাঁকে এসআইআর (Special Intensive Revision) নোটিস পাঠিয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
আগামী ১১ সেপ্টেম্বর স্থানীয় গ্রামপঞ্চায়েতে তাঁকে সমস্ত নথি-সহ হাজিরা দিতে বলা হয়েছে। দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান প্রাপকের এমন বিপাকে পড়া নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। জানা গিয়েছে, ২০২৮ সালে কর্নাটকে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সেই উপলক্ষে গত ৩০ জুন থেকে সেখানে ভোটার তালিকা সংশোধনের কাজ, অর্থাৎ এসআইআর-এর কাজ শুরু হয়েছে। আর তাতেই বিপাকে পড়েছেন দেশের এই প্রবীণ নাগরিক। গত সোমবার ম্যাঙ্গালুরুর নিউ পাড়পু গ্রামে তাঁর বাড়িতে এই নোটিস পাঠানো হয়। কমিশন সূত্রে খবর, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম ছিল কেবল ‘হাজাব্বা’।
কিন্তু বর্তমানে তাঁর আধার, রেশন, ভোটার কার্ড, পাসপোর্ট-সহ সমস্ত সরকারি নথিতে তাঁর নাম ‘হরেকলা হাজাব্বা’ হিসেবে নথিভুক্ত। এই নামের গরমিলের জেরেই নির্বাচন কমিশন তাঁকে নোটিস পাঠিয়েছে। দেশের এক সম্মানীয় নাগরিকের সঙ্গে এমন ঘটনা ঘটায় অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত এর সমাধানের দাবি জানিয়েছেন।








