ব্যুরো নিউজ, ৯ সেপ্টেম্বর ২০২৬: পূর্ব রেলের তরফে কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠগামী যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থার ঘোষণা করা হয়েছে। প্রতি বছর এই সময় তারাপীঠ মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ে, যার ফলে হাওড়া-রামপুরহাট রুটে ট্রেনের চাহিদা কয়েকগুণ বৃদ্ধি পায়। যাত্রীদের নির্বিঘ্ন ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে পূর্ব রেল অতিরিক্ত কোচ সংযোজন এবং বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রামপুরহাট থেকে হাওড়াগামী মোট ৬টি ট্রেনের কোচ সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৩০১৫ হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস, যা ৯ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অতিরিক্ত কোচ নিয়ে চলবে। একইভাবে, ১৩০১৬ জামালপুর-হাওড়া কবিগুরু এক্সপ্রেসও এই সময়ের জন্য অতিরিক্ত কোচ পাবে। ১২৩৪৭ হাওড়া-রামপুরহাট শহীদ এক্সপ্রেস এবং ১২৩৪৮ রামপুরহাট-হাওড়া শহীদ এক্সপ্রেস দুটি অতিরিক্ত কোচ সহ ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলাচল করবে। এছাড়া, ১৩০১৭ হাওড়া-আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস এবং ১৩০১৮ আজিমগঞ্জ-হাওড়া গণদেবতা এক্সপ্রেস ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অতিরিক্ত কোচ নিয়ে চলবে। শুধু অতিরিক্ত কোচ নয়, ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত একটি বিশেষ ট্রেনও চালানো হবে। হাওড়া থেকে দুপুর ১২:৫০ মিনিটে ছেড়ে ট্রেনটি শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর শান্তিনিকেতন, সাঁইথিয়া হয়ে বিকেল ১৭:৩০ মিনিটে রামপুরহাট পৌঁছাবে। ফিরতি পথে রামপুরহাট থেকে সন্ধে ১৮:৪৫ মিনিটে ছেড়ে রাত ২৩:৪৫ মিনিটে হাওড়া পৌঁছাবে। এই পদক্ষেপের ফলে কৌশিকী অমাবস্যায় মা তারার দর্শনে ইচ্ছুক ভক্তরা সহজেই তারাপীঠ পৌঁছাতে পারবেন।








