ব্যুরো নিউজ, ৯ সেপ্টেম্বর ২০২৬: রাত পোহালেই কৌশিকী অমাবস্যা। এই বিশেষ তিথি উপলক্ষে সেজে উঠেছে তারাপীঠ মন্দির চত্বর। ইতিমধ্যেই মা তারার দর্শন ও পুজো দিতে ভক্তদের বিপুল ভিড় জমতে শুরু করেছে। প্রতি বছরের ন্যায় এবারও কৌশিকী অমাবস্যায় লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হবে বলে অনুমান করা হচ্ছে। এই বিশাল জনস্রোত সুষ্ঠুভাবে সামাল দিতে বীরভূম জেলা পুলিশ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। জেলা পুলিশ সূত্রে খবর, কৌশিকী অমাবস্যার নিরাপত্তায় তারাপীঠে চার হাজারেরও বেশি পুলিশ আধিকারিক ও কর্মী মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপার ভিদিত রাজ ভুন্দেশ তারাপীঠের যান চলাচল, পার্কিং ব্যবস্থা এবং দর্শনার্থীদের প্রবেশপথ সংক্রান্ত একটি বিস্তারিত রুট ম্যাপ প্রকাশ করেছেন।
পুণ্যার্থীদের সুবিধার জন্য একটি বিশেষ অ্যাপও চালু করা হয়েছে, যা স্ক্যান করে সহজেই সমস্ত তথ্য জানা যাবে। এই রুট ম্যাপের মাধ্যমে দর্শনার্থীরা কোথায় গাড়ি পার্ক করবেন, কোন রাস্তা নো-এন্ট্রি, সাধারণ দর্শনার্থীদের প্রবেশপথ এবং ভিআইপি প্রবেশের ব্যবস্থা কোথায়, তার সমস্ত খুঁটিনাটি জানতে পারবেন। সাধারণ ও ৫০০ টাকার ভিআইপি টিকিটধারী উভয় দর্শনার্থীরই মূল প্রবেশ ২ নম্বর গেট দিয়ে হবে। তবে ভিআইপি টিকিটধারীদের জন্য থাকছে বিশেষ প্রবেশের ব্যবস্থা। নির্বিঘ্নে পুণ্য অর্জন ও মায়ের দর্শন নিশ্চিত করতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর।








