ব্যুরো নিউজ, ২২ সেপ্টেম্বর ২০২৬: পুজোর মুখে বাংলায় ফের দুর্যোগের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ২৩ সেপ্টেম্বর নাগাদ এটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছবে। এর সরাসরি প্রভাবে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন আসবে। হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকেই রাজ্যজুড়ে বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলি, যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
২৩ সেপ্টেম্বর, বুধবার, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি ও বাজ পড়ার সম্ভাবনা। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে। ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, বৃষ্টির পরিধি আরও বাড়বে, বীরভূম ও মুর্শিদাবাদেও ভারী বৃষ্টি হতে পারে। ওই দিন হাওয়ার গতিবেগ বেড়ে ঘণ্টায় ৪০-৫০ কিমি পর্যন্ত হতে পারে। ২৫ সেপ্টেম্বরও দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কলকাতাতেও ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার সতর্কতা জারি। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস, যা পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা বাড়াচ্ছে। মৎস্যজীবীদের ২১ ও ২২ সেপ্টেম্বর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আপাতত ঘূর্ণিঝড়ের পূর্বাভাস না থাকলেও, পরিস্থিতির উপর নজর রাখছে আবহাওয়া দফতর।








