সাংসদ পদ খারিজের নোটিস: অভিষেকের অভিযোগের জবাব দিতে স্পিকারের কাছে আরও একমাস চাইল এনসিপিআই

সাংসদ পদ খারিজের নোটিসের জবাব দিতে লোকসভার স্পিকারের কাছে আরও একমাস সময় চাইলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ ২০ জন এনসিপিআই সাংসদ। অভিষেকের অভিযোগের বিস্তারিত জবাব দিতে এই আর্জি।

Share:

ব্যুরো নিউজ, ২২ সেপ্টেম্বর ২০২৬: সাংসদ পদ খারিজের নোটিসের জবাব দিতে লোকসভার স্পিকারের কাছে আরও একমাস সময় চাইলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ ২০ জন এনসিপিআই (NCPI) সাংসদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আনা অভিযোগের বিস্তারিত জবাব দিতে সচিবালয়ে এই আর্জি জানানো হয়েছে। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী তাঁদের সাংসদ পদ কেন খারিজ করা হবে না, সেই বিষয়ে লোকসভার সচিবালয় থেকে এই সাংসদদের কাছে চিঠি পাঠানো হয়েছিল।

প্রথম দফায় সময় বাড়ানোর পর ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা ছিল, কিন্তু সেই মেয়াদ শেষ হওয়ার আগেই ফের সময় চাইলেন এই দলত্যাগী নেতারা। জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জমা দেওয়া অভিযোগপত্রটি প্রায় ২০ পাতার এক দীর্ঘ নথি। সেখানে বহু অভিযোগ ও তথ্যাদি তুলে ধরা হয়েছে। সাংসদদের বক্তব্য, প্রতিটি অভিযোগ ও নথির পয়েন্ট ধরে ধরে সুনির্দিষ্ট আইনি উত্তর তৈরি করার জন্যই অতিরিক্ত সময় প্রয়োজন। সেই কারণে তাঁরা লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে ফের দরবার করেছেন। বিধানসভা নির্বাচনের পর থেকেই সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার-সহ এই ২০ জন সাংসদ তৃণমূল ছেড়ে নতুন রাজনৈতিক দল এনসিপিআই-এ যোগ দেন এবং এনডিএ শিবিরের সঙ্গে হাত মেলান। যদিও খাতায়-কলমে তাঁরা এখনও তৃণমূল কংগ্রেসের সাংসদ। এই আইনি মারপ্যাঁচকে কাজে লাগিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁদের সাংসদ পদ খারিজের দাবিতে স্পিকার থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই চালাচ্ছেন। এখন স্পিকার তাঁদের এই অতিরিক্ত সময় চাওয়ার আর্জিতে সাড়া দেন কিনা, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।