ব্যুরো নিউজ, ২২ সেপ্টেম্বর ২০২৬: বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তাঁর মা কৃষ্ণা মুখোপাধ্যায়। যশরাজ ফিল্মসের তরফে এই দুঃসংবাদ নিশ্চিত করা হয়েছে। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও পরিবারের তরফে জানানো হয়নি। যশরাজ ফিল্মস একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, মঙ্গলবার দুপুরেই কৃষ্ণা মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন।
এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার জন্য অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে এবং তাঁদের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর আবেদন করা হয়েছে। কৃষ্ণা মুখোপাধ্যায়কে মেয়ের সঙ্গে একাধিকবার জনসমক্ষে দেখা গিয়েছে। রানির বিভিন্ন অনুষ্ঠানেও তিনি উপস্থিত থাকতেন। মায়ের সঙ্গে রানির ঘনিষ্ঠ সম্পর্কের কথা বিভিন্ন সময়ে প্রকাশ্যে এসেছে। শুধু রানির মা হিসেবেই নয়, বাংলা বিনোদন জগতের সঙ্গেও তাঁর গভীর যোগ ছিল। তিনি বাংলার জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়ের বোন। পাশাপাশি, বাংলা ছবির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি তিনি প্লেব্যাক গায়িকা হিসেবেও কাজ করেছেন।
ফলে শিল্পজগতের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বহুদিনের। মায়ের প্রয়াণে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন রানি এবং তাঁর পরিবার। এই কঠিন সময়ে তাঁদের ব্যক্তিগত পরিসর বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে। পরিবারের তরফে জানানো হয়েছে, এই শোকের সময়ে যাঁরা তাঁদের প্রতি ভালোবাসা, প্রার্থনা এবং সমর্থন জানিয়েছেন, তাঁদের প্রতি তাঁরা কৃতজ্ঞ। রানি মুখোপাধ্যায়কে শেষবার দেখা গিয়েছিল ২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘মর্দানি ৩’ ছবিতে।








