ব্যুরো নিউজ, ২২ সেপ্টেম্বর ২০২৬: বন্যার জলযন্ত্রণা কাটিয়ে ফের মায়ের আগমনের প্রস্তুতিতে নামার অপেক্ষায় মালদহের ভূতনির পুজো উদ্যোক্তারা। এলাকায় জমে থাকা জল অনেকটাই কমেছে। তবে এখনও কয়েকটি দুর্গাপুজোর মণ্ডপের সামনে নদীর জল রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হবে—এই আশাতেই ধীরে ধীরে প্রস্তুতি শুরু করেছেন পুজো উদ্যোক্তারা। ভূতনির ডোমনটোলা সার্বজনীন দুর্গাপুজো কমিটির উদ্যোক্তারা জানান, দু’দিন ধরেই জল দ্রুত কমছে।
দু’দিন আগেও মণ্ডপের সামনে প্রায় এক হাত জল ছিল, যা তাঁদের সমস্যায় ফেলেছিল। তবে জল কমতেই মৃৎশিল্পী প্রতিমা তৈরির কাজ শুরু করেছেন। অন্যদিকে ভূতনির শঙ্করটোলা সার্বজনীন দুর্গোৎসব কমিটিতেও শুরু হয়েছে প্রতিমা তৈরির প্রাথমিক কাজ। সেখানে মৃৎশিল্পী প্রতিমার কাঠামো তৈরির কাজ শুরু করেছেন। উদ্যোক্তাদের বক্তব্য, জল কমার পরই তাঁরা কাজে নেমেছেন। পরিস্থিতি স্বাভাবিক থাকলে এবারও ভালোভাবেই দুর্গাপুজোর আয়োজন করা হবে। পাশাপাশি সরকারি অনুদান পাওয়ার আশাও রয়েছে তাঁদের। পুজো উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল।
তাঁর দাবি, এখনও কয়েকটি দুর্গাপুজোর মণ্ডপের সামনে জল থাকলেও আগামী দু’দিনের মধ্যে সেখান থেকেও জল নেমে যাবে। তিনি আরও বলেন, বন্যার কারণে কোনও পুজোমণ্ডপ বা মন্দির ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পুজোর আয়োজনে কোনও খামতি থাকবে না এবং রাজ্য সরকার সমস্ত পুজো উদ্যোক্তার পাশে রয়েছে।








