ব্যুরো নিউজ, ২২ সেপ্টেম্বর ২০২৬: কোলাঘাটে দুর্গাপুজোর চাঁদা সংগ্রহকে কেন্দ্র করে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। ‘শতদল সংস্থা’ নামে একটি পুজো কমিটি পূর্ব পাঁশকুড়ার বিধায়ক সুব্রত মাইতির নাম ভাঙিয়ে দেউলিয়া বাজার, বড়দাবাড়, পদুমপুর সহ একাধিক এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় করছে বলে অভিযোগ। ছোটখাটো দোকানদারদের কাছ থেকে ৫০০ টাকা থেকে শুরু করে ২৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা চাওয়া হয়েছে এবং চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগকারীরা জানিয়েছেন।
পদুমপুরের এক বস্তা ব্যবসায়ী ফারুক দত্তকে ২৫ হাজার টাকা এবং বড়দাবাড়ের মা শীতলা হোটেলকে ১০ হাজার টাকার রসিদ কেটে দেওয়া হয়েছে। এমনকি টায়ার সারাই দোকানেও ৩০০০ টাকা চাঁদা চাওয়া হয়েছে। এই ঘটনায় কোলাঘাট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও চাঁদার বিলে চেয়ারম্যান হিসেবে নাম থাকা বিধায়ক সুব্রত মাইতি সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করেছেন। তিনি জানান, এই বিষয়ে তিনি বিন্দুমাত্র অবগত নন এবং পুজো উদ্যোক্তাদের এই ঘৃণ্য কাজকে কোনোভাবেই বরদাস্ত করবেন না। তিনি সাধারণ মানুষকে তাঁর নাম করে কেউ টাকা চাইলে তা না দেওয়ার আবেদনও করেছেন।
কোলাঘাট মন্ডল ৪ এর সভাপতি বোধন দে জানান, কিছু হঠাৎ যোগদানকারী বিজেপি কর্মী দলের নাম ভাঙিয়ে এই কুকর্ম করছে। তাঁরা জেলা পরিষদের সভাধিপতি, জেলাশাসক এবং কোলাঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন। দোষীদের শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। পুজো কমিটির তরফে অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি।








