ব্যুরো নিউজ, ২২ সেপ্টেম্বর ২০২৬: লুডু খেলাকে কেন্দ্র করে বচসার জেরে কোদালের কোপে এক প্রতিবেশীর মৃত্যুর অভিযোগ উঠল মিনাখা থানার অন্তর্গত পুটখালীর কালিতলা এলাকায়। মৃত ব্যক্তির নাম পরান মণ্ডল (৬৫)। এই ঘটনায় অভিযুক্ত সমীর মণ্ডলকে রাতেই গ্রেফতার করেছে মিনাখা থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে পুটখালির কালিতলা এলাকায় রাস্তার পাশে বসে পরান মণ্ডল ও সমীর মণ্ডল নামে দুই ব্যক্তি লুডু খেলছিলেন। দুজনেই মদ্যপ অবস্থায় ছিলেন বলে দাবি স্থানীয়দের। খেলা চলাকালীন তাদের মধ্যে তীব্র বচসা শুরু হয়। বচসা চলাকালীন আচমকা সমীর মণ্ডল একটি কোদাল দিয়ে পরান মণ্ডলের মাথার পেছনে সজোরে আঘাত করেন। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন পরান মণ্ডল, রক্তে ভেসে যায় চারপাশ। গুরুতর আহত অবস্থায় পরান মণ্ডলকে দ্রুত মিনাখা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে মিনাখা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং রাতেই অভিযুক্ত সমীর মণ্ডলকে আটক করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মদ্যপ অবস্থায় সামান্য বিবাদ থেকেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। আজ মৃত পরান মণ্ডলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হবে।
অন্যদিকে, ধৃত সমীর মণ্ডলকে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং স্থানীয় বাসিন্দারা এমন নৃশংস ঘটনায় স্তম্ভিত। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।








