ব্যুরো নিউজ, ২২ সেপ্টেম্বর ২০২৬: দিঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন শান্তিপুরের এক যুবক। সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। নিখোঁজ যুবকের নাম সুমন শীল (৩০), তিনি নদীয়ার শান্তিপুর মেলের মাঠ এলাকার বাসিন্দা। এই দুর্ঘটনার পাশাপাশি, ঘটনার নেপথ্যে উঠে এসেছে চাঞ্চল্যকর পারিবারিক টানাপোড়েনের তথ্য, যা স্থানীয় মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
পুলিশ সূত্রে খবর, সোমবার দুপুরে সুমন দিঘার সমুদ্রে স্নান করতে নেমেছিলেন। সেই সময় সমুদ্রের একটি বিশাল ঢেউয়ের টানে তিনি গভীর সমুদ্রে ভেসে যান। সৈকতে উপস্থিত অন্যান্য পর্যটকরা চোখের নিমেষে তাঁকে তলিয়ে যেতে দেখে চিৎকার শুরু করেন। দ্রুত খবর পেয়ে দিঘা পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায়। তড়িঘড়ি স্পিডবোট ও অভিজ্ঞ নুলিয়াদের নামিয়ে তল্লাশি অভিযান শুরু করা হয়। তবে এখনও পর্যন্ত সুমনের কোনও খোঁজ মেলেনি।
এদিকে, শান্তিপুর পুলিশের মাধ্যমে মেলের মাঠের বাড়িতে এই দুঃসংবাদ পৌঁছাতেই পরিবারে নেমে এসেছে তীব্র শোকের ছায়া। সুমনের পরিবারের অভিযোগ, মাস কয়েক আগে সুমন তাঁর স্ত্রী ও সন্তানকে ফেলে রেখে এক তরুণীর সঙ্গে চলে গিয়েছিলেন। সেই পারিবারিক জটিলতা এবং টানাপোড়েনের মধ্যেই এই মর্মান্তিক ঘটনা ঘটল। নিখোঁজ যুবকের খোঁজে সমুদ্রের বিভিন্ন প্রান্তে উদ্ধারকারী দল নিরন্তর তল্লাশি চালাচ্ছে। এই ঘটনায় দিঘার পর্যটকদের মধ্যেও চাঞ্চল্য ছড়িয়েছে।








