নিম্নচাপের জেরে বুধবার থেকে রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা

নিম্নচাপের প্রভাবে বুধবার থেকে রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর সহ একাধিক জেলায় সতর্কতা। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা।

Share:

ব্যুরো নিউজ, ২২ সেপ্টেম্বর ২০২৬: পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই নিম্নচাপটি আগামী ১২ ঘণ্টার মধ্যে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে বুধবার থেকে রাজ্য জুড়ে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, নিম্নচাপের প্রভাবে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে আগামী ৪ দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও হাওড়া জেলাতেও এক-দু’জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ও মেঘলা ভাব আরও বাড়তে থাকবে। উত্তরবঙ্গেও বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৫ ও ২৬ তারিখেও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার সহ বিভিন্ন জেলায় বৃষ্টির প্রভাব থাকতে পারে। নিম্নচাপ ও সমুদ্র উত্তাল থাকার কারণে আগামী ২৫ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।