ব্যুরো নিউজ, ২৫ সেপ্টেম্বর ২০২৬: পশ্চিম মেদিনীপুর: জেলার বিভিন্ন প্রান্তে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বেআইনি ডায়াগনস্টিক সেন্টারগুলির বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ গ্রহণ করল স্বাস্থ্য দপ্তর ও জেলা পুলিশ। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের শালবনি, গড়বেতা, চন্দ্রকোনা রোড এবং আমলাগোড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে একাধিক ডায়াগনস্টিক সেন্টারে তদন্ত শুরু হয়। এই অভিযানে তাৎক্ষণিকভাবে তিনটি কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।
স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, অভিযোগ ছিল যে, বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স বাতিল হওয়ার পরেও পরিষেবা চালিয়ে যাচ্ছিল। এছাড়াও, একটি লাইসেন্সের অধীনে একাধিক শাখা পরিচালনার মতো গুরুতর অনিয়মের অভিযোগও সামনে আসে। অভিযান চলাকালীন প্রতিটি কেন্দ্রের লাইসেন্স, প্রয়োজনীয় নথিপত্র ও অন্যান্য অনুমোদন পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হয়। তদন্তে একাধিক অনিয়মের প্রমাণ মেলায় চন্দ্রকোনা রোড, শালবনি ও আমলাগোড়া এলাকার তিনটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রশাসন জানিয়েছে, রোগীদের নিরাপত্তা এবং সঠিক রোগ নির্ণয় নিশ্চিত করতেই এই অভিযান। আগামী দিনেও বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। অনিয়ম বা বেআইনি কার্যকলাপের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। এই পদক্ষেপের ফলে জেলার স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থায় স্বচ্ছতা আসবে বলে মনে করা হচ্ছে।








