ব্যুরো নিউজ, ২৫ সেপ্টেম্বর ২০২৬: ভারত সরকারের স্বচ্ছ ভারত মিশনের আদলে তৃণমূল সরকারের আমলে ২০১৩ সালে চালু হওয়া ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পের দশ হাজার বালতি বাজেয়াপ্ত করল পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে হাওড়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ, সাধারণ মানুষের মধ্যে বিতরণের জন্য আনা এই বালতিগুলি প্রাক্তন এক তৃণমূল পুরপিতা একটি বেসরকারি কোম্পানির গোডাউনে রেখে দিয়েছিলেন বিক্রির উদ্দেশ্যে। জানা গেছে, পরিষ্কার-পরিচ্ছন্ন রাজ্য গড়ার লক্ষ্যে এই প্রকল্পে হাওড়া পুরসভা এলাকায় নীলু ও পচু নামে সবুজ ও নীল বালতি বিতরণের নির্দেশ দেওয়া হয়েছিল।
উদ্দেশ্য ছিল, বাড়ির আবর্জনা এই বালতিতে ফেললে পুরসভার সাফাই কর্মীরা তা সংগ্রহ করবে। কিন্তু প্রাক্তন পুরপিতা শৈলেশ রাই এই বালতিগুলি বাসিন্দাদের কাছে না পৌঁছে দিয়ে একটি গোডাউনে মজুত করে রেখেছিলেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপি নেতা কর্মীরা। বিজেপি নেতা অম্বুজ শর্মা অভিযোগ করেন, তৃণমূলের আমলে এই বালতি নিয়ে বড়সড় দুর্নীতি হয়েছে। শৈলেশ রাই বালতিগুলি বিক্রি করার জন্য রেখেছিলেন। যদিও শারীরিক অসুস্থতার কারণে শৈলেশ রাইয়ের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ গোডাউন থেকে বিপুল সংখ্যক বালতি বাজেয়াপ্ত করেছে এবং গোডাউনের কেয়ারটেকারকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা হাওড়ার রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।








