ব্যুরো নিউজ, ২৭ সেপ্টেম্বর ২০২৬: একসময় ‘সনাতন ধর্ম’ নিয়ে মতবিরোধে জড়িয়েছিলেন টলিউডের দুই পরিচিত মুখ অনির্বাণ ভট্টাচার্য ও রুদ্রনীল ঘোষ। সেই বিতর্ক পেরিয়ে এবার একই ছবিতে কাজ করতে চলেছেন তাঁরা।
পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবিতে একসঙ্গে দেখা যাবে অনির্বাণ ও রুদ্রনীলকে। এই অপ্রত্যাশিত কাস্টিং নিয়ে ইতিমধ্যেই টলিপাড়ায় শুরু হয়েছে জোর আলোচনা।
জানা যায়, অনির্বাণ ভট্টাচার্যের ব্যান্ড ‘হুলিগানইজম’-এর একটি গানের অংশ নিয়ে আপত্তি তুলেছিলেন অভিনেতা ও বর্তমান বিধায়ক রুদ্রনীল ঘোষ। তাঁর অভিযোগ ছিল, মঞ্চে দাঁড়িয়ে সনাতন ধর্মকে অপমান করা হয়েছে। সেই সময়ে অনির্বাণকে ঘিরে এক অলিখিত ‘ব্যান’-এর পরিস্থিতি তৈরি হয়েছিল বলেও শোনা যায়।
তবে সেই সব বিতর্ক এখন অতীত।কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবিতে চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং রজতাভ দত্তের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অনির্বাণ ও রুদ্রনীল। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এই প্রসঙ্গে মুখ খুলেছেন।
তিনি জানিয়েছেন, এই চরিত্রটির জন্য অনির্বাণকে প্রথম থেকেই ভেবেছিলেন। অনির্বাণের ‘শিরদাঁড়া সোজা রেখে লড়াই’ করার মানসিকতার প্রশংসা করে কৌশিক বলেছেন, “অনির্বাণ বয়সে আমার থেকে ছোট, কিন্তু ওকে আমি শ্রদ্ধা করি। একটা সময়ে আমরা সবাই লড়াই করেছিলাম, কাজ করতে আমারও সমস্যা হয়েছিল। কিন্তু আমরা অনেকেই ধীরে ধীরে সেই লড়াইটা থেকে সরে এসেছি। অনির্বাণ শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছে। এই শিরদাঁড়া সোজা রেখে লড়াইটা যে ও লড়তে পেরেছে, তার জন্য ওকে কুর্ণিশ।”
তিনি আরও বলেন, অনির্বাণ ও রুদ্রনীল দুজনেই অত্যন্ত পেশাদার অভিনেতা। তাঁরা একসঙ্গে বসে চিত্রনাট্য পড়েছেন, উপভোগ করেছেন এবং অভিনয়ে ১০০ শতাংশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কৌশিকের মতে, রাজনৈতিক মতামত ভিন্ন হলেও মানুষের মধ্যে সৌজন্য থাকাটা জরুরি। একটা সময়ে বিধানসভায় শাসক আর বিরোধীরা বিরতির সময়ে ক্যারাম খেলতেন। রাজনীতি কখনোই মানুষের থেকে বড় হতে পারে না। পুজোর পরেই এই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা।







