ব্যুরো নিউজ,২৮ শে সেপ্টেম্বর: দুর্গাপুজোর প্রাক্কালে ফের অনিশ্চয়তার মেঘ কোহিনূর চা বাগানে। প্রায় দেড় মাস ধরে বেতন না পাওয়ায় চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন বাগানের শ্রমিকরা। তার উপর পুজোর বোনাস আদৌ মিলবে কি না, তা নিয়েও তৈরি হয়েছে সংশয়। পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে শ্রমিক মহলে।
এই পরিস্থিতিতে সোমবার কোহিনূর চা বাগানের গেটে বিজেপির শ্রমিক সংগঠনের পক্ষ থেকে গেট মিটিংয়ের আয়োজন করা হয়। সংগঠনের অভিযোগ, শুধু শ্রমিকরাই নন, বাগানের অফিস স্টাফরাও নিয়মিত বেতন পাচ্ছেন না। শ্রমিকদের বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা কেটে নেওয়া হলেও সেই অর্থ সংশ্লিষ্ট সরকারি দপ্তরে জমা করা হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে।
শ্রমিকদের আরও অভিযোগ, বাগানে চিকিৎসা পরিষেবা-সহ বিভিন্ন প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও কার্যত অচল হয়ে পড়েছে। ফলে প্রায় ৮৮৮ জন শ্রমিক চরম সমস্যার মধ্যে রয়েছেন। এমনকি কর্মজীবন শেষ করা শ্রমিকদেরও দীর্ঘদিনের বকেয়া পাওনা মেটানো হয়নি বলে অভিযোগ।
শ্রমিক সংগঠনের নেতৃত্বের দাবি, প্রতি বছর দুর্গাপুজোর আগে কোহিনূর চা বাগানে একই ধরনের অচলাবস্থা তৈরি হয়। তাদের অভিযোগ, পরিস্থিতি আরও জটিল হওয়ার পরই বাগান কর্তৃপক্ষ বাগান বন্ধ করে চলে যাওয়ার নজির রয়েছে। এবারও সেই আশঙ্কা তৈরি হয়েছে বলে দাবি সংগঠনের।
তবে সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপের বিষয়ে আশাবাদী শ্রমিক সংগঠন। তাদের প্রত্যাশা, আলিপুরদুয়ারের জেলাশাসক বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন এবং বাগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের সমস্যার সমাধানে উদ্যোগী হবেন।
জানা গিয়েছে, সোমবারই কোহিনূর চা বাগানের বেতন, প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা পরিষেবা এবং অন্যান্য সমস্যা নিয়ে আলিপুরদুয়ারের জেলাশাসক-সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানাবে বিজেপির শ্রমিক সংগঠন।
দুর্গাপুজোর আগে শ্রমিকদের বেতন, বোনাস ও বকেয়া পাওনা মেটানো এবং বাগানের পরিষেবা স্বাভাবিক করার দাবিই এখন জোরালো হচ্ছে।








