ব্যুরো নিউজ, ২৮ সেপ্টেম্বর ২০২৬: নদিয়ার গয়েশপুরে এইমসে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগকে কেন্দ্র করে বিজেপি-র দুই গোষ্ঠীর মধ্যে তীব্র বচসা ও হাতাহাতির ঘটনা ঘটল। এই ঘটনায় একাধিক বিজেপি মহিলা কর্মী গুরুতর জখম হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গয়েশপুর পুলিশ ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটি ঘটেছে গয়েশপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গয়েশপুরের ১৪ নম্বর ওয়ার্ডের এক স্থানীয় বিজেপি মহিলা কর্মীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাকরি দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ টাকা তোলার অভিযোগ উঠছিল। সোমবার সকালে অভিযোগ খতিয়ে দেখতে ও এ বিষয়ে কথা বলতে ওই মহিলা কর্মীর বাড়িতে হাজির হন গয়েশপুর এলাকার বিজেপি-র এক মহিলা নেত্রী ও তাঁর অনুগামীরা। বাড়িতে বিজেপি দলের প্রতিনিধিরা পৌঁছানোর পর দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। মুহূর্তের মধ্যে সেই বচসা মারাত্মক রূপ নেয় এবং দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। ধস্তাধস্তিতে বেশ কয়েকজন বিজেপি মহিলা কর্মী গুরুতর আহত হন। ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গয়েশপুর ফাঁড়ির পুলিশ। পুলিশি হস্তক্ষেপে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে, তাঁদের মধ্যে কয়েকজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। পুরো বিষয়টি খতিয়ে দেখতে এবং টাকা তোলার অভিযোগের সত্যতা যাচাই করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে গয়েশপুর ফাঁড়ির পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।








